খাগড়াছড়িতে বৈসাবি উৎসব উপলক্ষে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ে আদিবাসীদের ঐতিহ্যবাহী উৎসব বৈসাবি আনুষ্ঠানিকভাবে শুরু হতে আরও এক দিন বাকি। কিন্তু উৎসব উপলক্ষে এরই মধ্যে খাগড়াছড়িতে বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়েছে। গতকাল বুধবার বিকেলে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট খাগড়াছড়ির উদ্যোগে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা। দুই দিনব্যাপী অনুষ্ঠানমালায় রয়েছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ঐতিহ্যবাহী বেইন (কোমর তাঁত) বুনন প্রতিযোগিতা, ‘পাচন’ রান্নার প্রতিযোগিতা। উৎসব উপলক্ষে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট কার্যালয় প্রাঙ্গণে ছোট আকারের মেলারও আয়োজন করা হয়েছে। বাংলাদেশ মারমা উন্নয়ন সংসদের সদর উপজেলা কার্যালয়ে বিকেলে তরুণ মারমা শিল্পীদের দিয়ে নির্মিত মিউজিক ভিডিও অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। সাংগ্রাইং পেইং অর্থাৎ সাংগ্রাইয়ের ফুল নামের অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ মারমা উন্নয়ন সংসদের কেন্দ্রীয় সভাপতি চাইথোয়াই মারমা। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আজ বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে।