খাগড়াছড়িতে ব্যতিক্রমী মেডিকেল ক্যাম্প
খাগড়াছড়ি সদর হাসপাতালে গত শনিবার ও গতকাল রোববার ভিন্নধর্মী একটি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের সাবেক প্রধান সুলতানা রাজিয়া বেগমের পরিচালনায় এটি অনুষ্ঠিত হয়।সুলতানা রাজিয়া বলেন, শিশু ভূমিষ্ঠের পর একজন মা সবচেয়ে বেশি যে রোগের ঝুঁকিতে থাকেন, তা হলো জরায়ু মুখের ক্যানসার। এই ক্যানসারে আক্রান্ত হলে তা খুবই জটিল হয়ে ওঠে এবং অধিকাংশ ক্ষেত্রে রোগী মৃত্যুর মুখে পড়েন। তবে প্রথম দিকে চিহ্নিত করা গেলে এটি সহজেই নিরাময়যোগ্য হয়। এ দেশের মায়েদের মধ্যে এ বিষয়ে সচেতনতা না থাকায় এই রোগে মৃত্যুর সংখ্যা বেশি।সুলতানা রাজিয়া দুই দিনের মেডিকেল ক্যাম্পে ৫৪ জন রোগীকে পরীক্ষা করেন। তাঁদের মধ্যে ১৬ জনের দেহে এই ক্যানসারের লক্ষণ পাওয়া যায়। ক্যাম্প চলাকালে তিনি অংশগ্রহণকারী মায়েদের সঙ্গে এ বিষয়ে সচেতনতা নিয়ে আলোচনা করেন।সুলতানা রাজিয়া প্রথম আলোকে জানান, তিনি ব্যক্তি উদ্যোগে ও বিনা মূল্যে এই ক্যাম্পের আয়োজন করেন। তিন বছর পর পর জরায়ু পরীক্ষা করে এই রোগের লক্ষণ সহজেই চিহ্নিত করা সম্ভব। দেশের নারীরা যাতে হাসপাতালে এসে স্বতঃস্ফূর্তভাবে এই সেবা নেন, সে লক্ষ্যেই তাঁর এই প্রচেষ্টা।