খাগড়াছড়িতে যুব ফোরামের সড়ক অবরোধ, সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের ডাকে গতকাল রোববার খাগড়াছড়িতে সড়ক অবরোধ চলাকালে ফোরামের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে চার পুলিশ আহত হয়েছে। এদিকে গতকাল ভূমি কমিশনে ৪৮টি মামলার শুনানি হয়েছে।গণতান্ত্রিক যুব ফোরামের পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচিতে প্রশাসনের বাধা দেওয়ার অভিযোগে ঘেরাও কর্মসূচি বাতিল করে খাগড়াছড়িতে সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। গতকাল ভূমি কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি ছিল।সূত্র জানায়, সকাল সোয়া ১০টার দিকে খাগড়াছড়ি সদরের স্বনির্ভর এলাকায় গণতান্ত্রিক যুব ফোরামের কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‌্যাব ও আর্মড পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বনির্ভর এলাকার পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে।খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০টি রাবার বুলেট ও দুটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। তিনি বলেন, সংঘর্ষে পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) ও তিন পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি সদরের বটতলী থেকে গণতান্ত্রিক যুব ফোরামের একটি মিছিল শহরের দিকে আসে। পুলিশ মিছিলটিকে পুরাতন জিপ স্টেশন এলাকায় বাধা দেয়। পুলিশের বাধার পর তাৎক্ষণিকভাবে প্রতিবাদ সমাবেশ হয়।গণতান্ত্রিক যুব ফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্বত্য ভূমি কমিশনের একতরফা শুনানি বাতিল ও প্রথাগত ভূমি অধিকারের স্বীকৃতির দাবিতে শান্তিপূর্ণ ভূমি কমিশন অফিস ঘেরাও কর্মসূচিতে প্রশাসনের বাধা দেওয়ার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে খাগড়াছড়িতে সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ১০ জুন রোববার সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এবং ১১ জুন সোমবার সকাল-সন্ধ্যা এ কর্মসূচি পালন করা হবে। বিবৃতিতে অভিযোগ করা হয়, প্রশাসন পরিকল্পিতভাবে শান্তিপূর্ণ ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে। খাগড়াছড়ি সদর, পানছড়ি, দীঘিনালা, মাটিরাঙ্গাসহ বিভিন্ন উপজেলায় ঘেরাও কর্মসূচিতে আসার সময় জনগণকে বাধা দিয়েছে প্রশাসন এবং ভাড়া করা গাড়িগুলো থানায় আটকে রেখেছে।এদিকে গতকাল দুপুর সাড়ে ১২টায় ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নূরুল ইসলাম কমিশনের কার্যালয়ে স্থাপিত এজলাসে আসেন। গতকাল ৪৮টি মামলার শুনানি হয়। এর মধ্যে ১৭টি মামলা ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনবহির্ভূত হওয়ায় মামলাগুলো নিষ্পত্তির জন্য ভূমি কমিশন সচিবের মতামত চাওয়া হয়। আগামী ১০ জুলাই বাকি ৩১টি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়।সূত্র জানায়, আজ সোমবার ৩২টি মামলার শুনানির দিন ধার্য করা আছে।পাহাড়ি ছাত্র পরিষদ পানছড়ি শাখার সভাপতি বিবর্তন চাকমা বলেন, ‘ঘেরাও কর্মসূচিতে যেতে পুলিশের বাধার প্রতিবাদে আমরা সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত পানছড়ি-খাগড়াছড়ি সড়ক অবরোধ করেছি।’খাগড়াছড়ির নির্বাচিত জুমঞ্চ জনপ্রতিনিধি সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক চেয়ারম্যান সুব্রত চাকমা বলেন, ‘পুলিশ আমাদের ভাড়া করা জিপ আটক করে রাখার কারণে আমরা ঘেরাও কর্মসূচিতে অংশ নিতে পারিনি।’