খাগড়াছড়িতে শহীদের মর্যাদা পাবেন চার আদিবাসী
খাগড়াছড়ি জেলায় মুক্তিযুদ্ধের সময় নিহত চার আদিবাসীকে স্বাধীনতার ৩৯ বছর পর শহীদের মর্যাদা দেবে জেলা প্রশাসন। ওই চার আদিবাসী হলেন মহালছড়ি উপজেলার মানিকছড়িমুখ গ্রামের চিত্তরঞ্জন কার্বারি, সব্যসাচী চাকমা, গৌরাঙ্গ মোহন দেওয়ান এবং তৎকালীন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের (ইপিআর) সৈনিক রমণীরঞ্জন চাকমা। তাঁদের মধ্যে চিত্তরঞ্জন কার্বারি মুক্তিযুদ্ধের সময় সংগ্রাম পরিষদের মহালছড়ি থানা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মানবাধিকার কমিশনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিরু কুমার চাকমার বাবা।নিহত চার আদিবাসীর পরিবার সূত্রে জানা যায়, ১৯৭১ সালের ১৩ মে বিকেল পাঁচটার দিকে পাকিস্তানি সেনারা মহালছড়ির রাজাকার বিহারি জাকারিয়ার সহযোগিতায় চিত্তরঞ্জন, সব্যসাচী ও গৌরাঙ্গকে তাঁদের নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তাঁদের কোনো খোঁজ পাওয়া যায়নি। আর ইপিআর সৈনিক রমণীরঞ্জন চাকমা রামগড় উপজেলায় পাকিস্তানি সেনাদের সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন। ২০০৫ সালে সারা দেশে জেলা সদরে মুক্তিযুদ্ধের স্মৃতিফলক নির্মাণ করা হয়। এতে মুক্তিযুদ্ধে শহীদদের নাম লিপিবদ্ধ করা হয়। কিন্তু ওই চার আদিবাসীর নাম উল্লেখ করা হয়নি। প্রশাসন সূত্রে জানা গেছে, বিজয় দিবস উদ্যাপনের জন্য জেলা প্রশাসনের গঠিত কমিটির বৈঠক হয় ৫ ডিসেম্বর। বৈঠকে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী ও রাজাকারদের হাতে খুন হওয়া ওই চার আদিবাসীকে শহীদের মর্যাদা দেওয়ার বিষয়টি উত্থাপিত হয়। কমিটির সদস্যরা সর্বসম্মতভাবে প্রস্তাবটি গ্রহণ করেন। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য পরে তা জেলা প্রশাসক মো. আনিস-উল-হক ভূঁইয়ার কাছে পাঠানো হয়।জেলা প্রশাসক মো. আনিস-উল-হক ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘চার আদিবাসীকে শহীদের মর্যাদা দেওয়ার প্রস্তাব পেয়েছি। মুক্তিযুদ্ধের স্মৃতিফলকে তাঁদের নাম অন্তর্ভুক্ত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’ জেলা প্রশাসনের উদ্যোগের প্রশংসা করে চিত্তরঞ্জন কার্বারির ছোট ছেলে ড. সুধীন কুমার চাকমা প্রথম আলোকে জানান, তাঁরা অনেক দিন ধরে চেষ্টা করছিলেন তাঁর বাবাকে শহীদের মর্যাদার স্বীকৃতি দেওয়া হোক। জেলা প্রশাসনের উদ্যোগে তাঁরা অনেক খুশি। তিনি বলেন, ‘মনে হচ্ছে শৈশবে হারানো বাবাকে আবার ফিরে পাব।’