খাগড়াছড়িতে শান্তিপূর্ণ অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন নেতার মুক্তির দাবিতে ইউপিডিএফ-সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়িতে ডাকা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
গতকাল সকাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন খাগড়াছড়ি ছেড়ে যায়নি। তবে কয়েকটি অভ্যন্তরীণ সড়কে হালকা যানবাহন চলাচল করতে দেখা গেছে। পর্যটকবাহী গাড়িকে পুলিশ পাহারায় গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। হঠাৎ সড়ক অবরোধ ডাকার কারণে ঢাকা থেকে আসা নৈশকোচের যাত্রীরা বিপাকে পড়েন।
মাটিরাঙ্গা থানার ওসি সাহাদত হোসেন বলেন, সকালে আলুটিলায় অবরোধ-সমর্থকেরা একটি নৈশকোচে হামলার চেষ্টা করে। এ সময় পুলিশ তিনটি ফাকা গুলি ছোড়ে। এ ঘটনায় চার অবরোধ-সমর্থককে আটক করা হয়। তিনি জানান, হামলায় একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী বলেন, জেলার কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গত ২৩ অক্টোবর পুলিশ পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপুল চাকমাকে গ্রেপ্তার করে। তাঁর মুক্তির দাবিতে গত বুধবার সংবাদ সম্মেলন চলাকালে সংগঠনটির কেন্দ্রীয় সহসভাপতি বিনয়ন চাকমা ও সাংগঠনিক সম্পাদক অনিল চাকমাকে আটক করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ ঘটনায় খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দেয় সংগঠনটি।