খাগড়াছড়িতে শান্তিপূর্ণ হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী বাতিলের দাবি ও আলুটিলা বিশেষ পর্যটন জোন প্রকল্প বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার খাগড়াছড়িতে ডাকা হরতাল শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
পার্বত্য বাঙালি পরিষদ, পার্বত্য গণপরিষদ, পার্বত্য সম-অধিকার আন্দোলন, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ এই হরতালের ডাক দেয়।
হরতাল চলাকালে দূরপাল্লার যানবাহন চলাচল করেনি। তবে শহরে কিছু অটোরিকশা ও রিকশা চলাচল করতে দেখা গেছে। গতকাল খাগড়াছড়িতে ছিল সাপ্তাহিক হাটের দিন। এ কারণে কিছু দোকানপাট খোলা ছিল। ব্যাংক-বিমা ও অফিস খোলা থাকলেও লোকজনের উপস্থিতি ছিল কম।
খাগড়াছড়ির পুলিশ সুপার মজিদ আলী বলেন, শহরের দু-একটা জায়গায় সকালে পিকেটিং হয়েছে। তিনি বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে সর্তক অবস্থানে ছিল পুলিশ।