খাগড়াছড়িতে শিবিরের ৩ নেতার রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির মুখ্য বিচারিক হাকিমের আদালত পুলিশের হাতে আটক জেলা ছাত্রশিবিরের সভাপতিসহ তিনজনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন গতকাল রোববার। পুলিশ গতকাল দুপুরে খাগড়াছড়ি মুখ্য বিচারিক হাকিম ইখতিয়ারুল ইসলামের আদালতে ১৭ শিবির নেতা-কর্মীকে হাজির করে। আদালতে পুলিশ শিবিরের জেলা সভাপতি মিনহাজুল ইসলাম, পানছড়ি উপজেলার সভাপতি বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিমের চার দিন করে রিমান্ড মঞ্জুর করার আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বাকি ১৪ জনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। শনিবার বেলা সাড়ে ১১টায় পানছড়ি উপজেলা সদরের কলাবাগান এলাকা থেকে গোপন বৈঠক চলাকালে পুলিশ শিবিরের জেলা সভাপতি, উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৭ জনকে আটক করে। পুলিশ জানায়, আটক ব্যক্তিরা নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন।