খাগড়াছড়িতে সহিংস ঘটনায় আদিবাসী যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে সম্প্রতি আদিবাসী ও বাঙালিদের মধ্যে সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গতকাল রোববার খোকন চাকমা নামে আদিবাসী এক যুবককে গ্রেপ্তার করেছে। খাগড়াছড়ি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল জানান, গত ২৩ ফেব্রুয়ারির দাঙ্গা-হাঙ্গামা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় পুলিশের দায়ের করা একটি মামলায় খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। খাগড়াছড়ি সদরের স্বনির্ভর এলাকা থেকে গতকাল বেলা ১১টায় তাঁকে গ্রেপ্তার করা হয়। খোকনকে গতকালই বিচারিক হাকিম আবদুল্লাহ আল মামুনের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে খাগড়াছড়ির বেসরকারি গণপাঠাগার ‘হুয়াঙ বোই ও বা’ এর সভাপতি ডেইজি চাকমা এক বিবৃতিতে গ্রেপ্তার হওয়া খোকনকে পাঠাগারের অর্থ সম্পাদক দাবি করে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানান। খোকন কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।