খাগড়াছড়িতে সাংবাদিকের ওপর হামলার নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর খাগড়াছড়ির আলোকচিত্র সাংবাদিক নীরব চৌধুরীকে মারধরের নিন্দা জানিয়েছে বিভিন্ন দল ও সংগঠন।
গত রোববার নীরব চৌধুরীকে মারধর করেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম। তাঁকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নীরব চৌধুরীকে মারধরের নিন্দা জানিয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, ইউপিডিএফ, পাহাড়ি ছাত্র পরিষদ, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের খাগড়াছড়ি শাখা ও গুইমারা প্রেসক্লাব।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, একজন সাংবাদিকের ওপর এ ধরনের হামলা অকল্পনীয়। একজন জনপ্রতিনিধির এই আচরণ অপ্রত্যাশিত।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী ঘটনাটিকে নিন্দনীয় বলে বর্ণনা করে বলেন, একজন জনপ্রতিনিধির কাছে এ ধরনের কর্মকাণ্ড প্রত্যাশিত নয়।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়া সাংবাদিক নীরব চৌধুরীকে মারধরের নিন্দা জানিয়েছেন।
এদিকে খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু দাউদ ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম সাংবাদিককে মারধরের প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা বলেন, হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে।