খাগড়াছড়িতে সাবেক শান্তিবাহিনীর সদস্যকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি জেলার মাটিরাঙা উপজেলায় সাবেক শান্তিবাহিনীর সদস্য অমলেন্দু বিকাশ চাকমা ওরফে বরুণকে (৬৫) গুলি করে হত্যা করা হয়েছে। এ নিয়ে পার্বত্যচুক্তির শর্ত মোতাবেক সরকারের কাছে অস্ত্র জমা দেওয়া সাবেক শান্তিবাহিনীর ৮৫ জন সদস্যকে হত্যা করা হলো বলে জনসংহতি সমিতির সূত্রে জানা গেছে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।গতকাল সোমবার বাজার থেকে ফেরার পথে অমলেন্দুকে মাথায় গুলি করে হত্যা করা হয়। এ ঘটনার জন্য জনসংহতি সমিতি ইউপিডিএফ ও জনসংহতি সমিতিকে (এমএন লারমা) দায়ী করেছে। তবে ইউপিডিএফ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা জানান, অমলেন্দু বিকাশ চাকমা গতকাল মাটিরাঙা উপজেলার তবলছড়ি ইউনিয়নের ডাকবাংলো বাজার থেকে নিজ বাড়ি মাস্টারপাড়ায় ফিরে আসছিলেন। এ সময় বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটার দিকে মংসা কার্বারিপাড়া এলাকায় এসে পৌঁছার সঙ্গে সঙ্গে দুজন সন্ত্রাসী মোটরসাইকেলে এসে পথরোধ করে। পরে তাঁর মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে চলে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন তাঁকে দ্রুত মাটিরাঙা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা অমলেন্দু বিকাশ চাকমার হত্যার জন্য ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জনসংহতি সমিতিকে দায়ী করেছেন। তবে ইউপিডিএফের তথ্য বিভাগের প্রধান নিরন চাকমা অভিযোগ অস্বীকার করে বলেন, এ ঘটনায় তাঁদের কোনো সদস্য জড়িত থাকার প্রশ্নই আসে না। পুলিশের রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত নয়টা) থানায় মামলা হয়নি বলে তিনি জানান। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সশস্ত্র শাখা শান্তিবাহিনীর এক হাজার ৯৪৭ জন সরকারের কাছে অস্ত্র জমা দিয়ে আর ১৯ জন কারাগার থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসেন।