খাগড়াছড়িতে সেচের জন্য বাঁধে মাছ চাষ
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) অধীনে পার্বত্য চট্টগ্রাম সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় গত সাড়ে চার বছরে খাগড়াছড়ি জেলার পাহাড়ি এলাকায় নয়টি ঝিড়ি বাঁধ নির্মাণ করা হয়েছে। সেচের লক্ষ্য নিয়ে নির্মিত এই বাঁধ হলেও সেচসুবিধার পরিবর্তে এখানে মাছ চাষই হচ্ছে। ফলে লাখ লাখ টাকা খরচ করে নির্মিত বাঁধ দিয়ে কতিপয় কৃষক মাছ চাষ করে এর সুবিধা ভোগ করছেন।
খাগড়াছড়ি জেলা সদরের খেজুর বাগানের জেলা বিএডিসি কার্যালয়ে একটি ব্যানারে ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৩ সালের জুন মাসের মধ্যে ১০টি ঝিড়ি বাঁধ নির্মাণ করে ২২৬ হেক্টর জমি সেচের আওতায় আনা হয়েছে বলে জানানো হয়। সম্প্রতি খাগড়াছড়ি জেলার সদর উপজেলার তিনটি ঝিড়ি বাঁধ সরেজমিন দেখা যায়, বাস্তবের এই তথ্যের কোনো ভিত্তি নেই। খাগড়াছড়ি উপজেলার কমলছড়ি ইউনিয়নের ইটছড়িতে ২০১২-১৩ অর্থবছরে ২০ লাখ টাকা ব্যয়ে একটি বাঁধ নির্মাণ করা হয়। এ বাঁধের পানি দিয়ে বোরো মৌসুমে বড়জোর ৮ একর জমিতে সেচ দেওয়া সম্ভব হবে। কারণ একটি ছড়া (শীত মৌসুমে শুকিয়ে যায়) থাকায় বাঁধের পানি অপর প্রান্তে নিয়ে যাওয়া সম্ভব নয়।
এ বাঁধটি নির্মিত হয়েছিল ইটছড়ি গ্রামের মনি রঞ্জন চাকমার জমির ওপর। তিনি বলেন, বাঁধের উচ্চতা ও প্রস্থ যতটুকু হওয়ার কথা ততটা হয়নি। বাঁধটি এক বছর আগে নির্মিত হলেও এখনো এ বাঁধের পানি দিয়ে বোরো চাষ করার সুযোগ হয়নি। বাঁধের পানি দিয়ে কৃষিকাজের চেয়ে মাছ চাষে বেশি লাভবান হওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই উপজেলার খাগড়াছড়ি ইউনিয়নে সুরেন্দ্র কার্বারিপাড়ায় (যদিও এ বাঁধ বিচিতলা এলাকায় নির্মাণ করা হয়েছে) বাঁধটি সেচের জন্য কাজে আসবে না। কারণ এ বাঁধ লাগোয়া বয়ে গেছে একটি ছড়া। বাঁধ থেকে পানি নিষ্কাশনের যে পাইপ স্থাপিত হয়েছে তা এখনো বাঁধের পানির স্তরের অনেক ওপরে। এ বাঁধেও মাছ চাষ করা হচ্ছে। পেরাছড়া ইউনিয়নের নীলকান্ত কার্বারিপাড়ার বাঁধটিও পানি সেচের চেয়ে মাছ চাষের লক্ষ্য নিয়ে নির্মাণ করা হয়েছে। এই বাঁধের পানির স্তর সেচের জন্য সরবরাহ লাইনের পাইপটির অনেক নিচে। এখান থেকে কোনোভাবেই সেচ দেওয়া সম্ভব নয়।
বিএডিসি খাগড়াছড়ি জেলা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী রাধেশ্যাম দাস জানান, ২০১১-১২ অর্থবছরে সদর উপজেলায় চারটি, ২০১২-১৩ অর্থবছরে মাটিরাঙ্গা উপজেলায় দুটি, রামগড় উপজেলায় একটি, পানছড়িতে দুটিসহ মোট পাঁচটি বাঁধ নির্মাণ করা হয়েছে। এই নয়টি বাঁধ (যদিও ব্যানারে ১০টি বাঁধের কথা বলা হয়েছে) নির্মাণ করতে প্রায় দেড় কোটি টাকা ব্যয় করা হয়েছে।
রাধেশ্যাম দাস দাবি করেন, বাঁধ দ্বারা সংশ্লিষ্ট এলাকার কৃষকেরা উপকৃত হয়েছেন। অনেক জমি সেচের আওতায় এসেছে।