খাগড়াছড়িতে সেতু নির্মাণের জন্য চলছে পাহাড় কাটা
চট্টগ্রাম-ফটিকছড়ি-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে ১৬টি সেতু নির্মাণের কাজ চলছে। খাগড়াছড়ি জেলা সদর থেকে ১৪ কিলোমিটার দূরে মাটিরাঙ্গা উপজেলায় ব্যাঙমারা সেতুটি নির্মাণ করতে গিয়ে পাহাড়ের বিরাট এক অংশ কাটতে হচ্ছে।
তবে এই পাহাড় কাটার বিষয়টি স্থানীয় প্রশাসনের কাছে জানা থাকলেও পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদন নেই।
খাগড়াছড়ি জেলা সদরের সঙ্গে ফটিকছড়ি হয়ে চট্টগ্রামে সড়ক যোগাযোগের একমাত্র এই সড়কটি গত শতাব্দীর সত্তর ও আশির দশকে নির্মিত হয়। সড়ক নির্মাণ করতে গিয়ে সে সময়ে অনেক পাহাড় কাটা হয়েছিল। মাটিরাঙ্গা উপজেলার সাপমারা ও ব্যাঙমারা এলাকার অংশে এই সড়কটি পাহাড় কেটে ধল্যা খালের পাশ দিয়ে নিয়ে যাওয়া হয়। সে সময় সড়কে বেইলি সেতু স্থাপন করা হয়েছিল। বর্তমানে এ সড়কের বেইলি সেতুগুলো মেয়াদ উত্তীর্ণ ও ঝুঁকিপূর্ণ। সরকার গত বছর এই সড়কে স্থায়ীভাবে পাকা সেতু নির্মাণের অনুমোদন দেয়।
ব্যাঙমারা এলাকায় আঞ্চলিক মহাসড়ক ও সেতুটি এমন স্থানে অবস্থিত যেখানে একদিকে খাড়া পাহাড়, অন্যদিকে ধল্যা খাল। ইতিমধ্যে খরস্রোতা ধল্যা খালের ভাঙনের কারণে এই সড়কটির অনেক স্থানে ভাঙন সৃষ্টি হয়েছে। নতুন স্থায়ী পাকা ব্যাঙমারা সেতু নির্মাণের জন্য অন্তত ৭০ ফুট উচ্চতার পাহাড়ের একটি ঢাল কাটা হচ্ছে (এই পাহাড়টি আরও উঁচু। রাস্তার জন্য যেখান থেকে মাটি কাটা হচ্ছে তার উচ্চতা ৭০ ফুট হবে)। বৃষ্টির কারণে কয়েক দিন ধরে মাটি কাটার কাজ বন্ধ রয়েছে।
এ ব্যাপারে খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইসমাইল হোসেন পাহাড় কাটার বিষয়টি স্বীকার করে জানান, পাহাড়ের যে অংশটি কাটা হচ্ছে তা সড়ক ও জনপথের জায়গা। তা ছাড়া পাহাড় কাটার জন্য পার্শ্ববর্তী বাগানের কিছু গাছের ক্ষতি হয়েছে। সেগুলোর ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
তিনি দাবি করেন, পাহাড় কাটা ছাড়া সেতু নির্মাণ করা সম্ভব নয়। আর পাহাড় কাটার বিষয়টি স্থানীয় প্রশাসন অবহিত আছে।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মাসুদ করিম বলেন, পরিবেশ আইন অনুযায়ী পাহাড় কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। তার পরও সেতু নির্মাণের জন্য সরকারি কাজ হিসেবে সেখানে পাহাড় কাটা হচ্ছে। এ ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদন নেওয়া হয়নি বলে তিনি জানান। গত কয়েক দিনে প্রবল বৃষ্টির সময় ওই স্থানটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে মর্মে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা জানান, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নেওয়া সময়সাপেক্ষ ব্যাপার। বিষয়টি জরুরি ও জনগুরুত্ব বিধায় পাহাড় কাটার জন্য কোনো অনুমোদন নেওয়া হয়নি।
গত বছর সেপ্টেম্বরে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের চট্টগ্রাম-ফটিকছড়ি-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে ১৫৫ কোটি টাকা ব্যয়ে ১৬টি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১৬টির মধ্যে দুটি ফটিকছড়ি উপজেলায় এবং বাকি ১৪টি খাগড়াছড়ি জেলায়। এর মধ্যে ৪০ ফুটের বেশি দৈর্ঘে৵র সাতটি সেতু জাপান ইন্টান্যাশনাল কো-অপারেশন এজেিন্স (জাইকা) অর্থায়ন করছে এবং নয়টি ছোট সেতু বাংলাদেশ সরকারের অর্থায়নে ইস্টার্ন বাংলাদেশ িব্রজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট বাস্তবায়ন করছে। ব্যাঙমারা সেতুটি ইস্টার্ন বাংলাদেশ িব্রজ ইমপ্রুেভমেন্ট প্রজেক্ট নির্মাণ করছে।