খাগড়াছড়িতে স্কুলছাত্রকে অপহরণের পর হত্যার অভিযোগ
খাগড়াছড়ির মহালছড়ির মবাছড়ি ইউনিয়নের বাগমারা এলাকা থেকে গতকাল সোমবার নূরুল আমিন হূদয় (১৪) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি উপজেলার বেলছড়ি গ্রামে। সে সপ্তম শ্রেণীতে পড়ত। তার বাবার অভিযোগ, আসন্ন ইউপি নির্বাচনে সদস্য পদে তাঁর সম্ভাব্য প্রার্থিতা ঠেকাতে তাঁর ছেলেকে অপহরণের পর হত্যা করা হয়েছে।পুলিশ ও নূরুল আমিনের পারিবারিক সূত্র জানায়, গত ২৫ ফেব্রুয়ারি নূরুল আমিন বেতছড়ি বাজারে গিয়ে আর ফিরে আসেনি। পরে জানা যায়, সে প্রতিবেশী আকতার হোসেনের সঙ্গে খাগড়াছড়ি শহরে বইমেলায় গিয়েছে। শনিবার ভোরে আকতার বাড়িতে ফিরে এলেও নূরুল আমিন ফিরে আসেনি। আকতারকে নূরুল আমিনের কথা জিজ্ঞাসা করা হলে সে একেক সময় একেক কথা বলতে থাকে। পরে আকতারকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গত রোববার আকতার হোসেনের স্বীকারোক্তি অনুযায়ী ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে উপজেলার বেতছড়ি এলাকা থেকে ইউপি নির্বাচনে সম্ভাব্য সদস্য পদপ্রার্থী শফিকুল ইসলাম, আমজাদ হোসেন ও আরিফ হোসেন নামের তিন ব্যক্তিকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে জনতা। পরে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মহালছড়ি থেকে চান মিয়া ও বেলছড়ি থেকে আসাদুল ইসলামকে আটক করে। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ গতকাল নূরুল আমিনের লাশ উদ্ধার করে।দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের স্কুলছাত্রের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।