খাগড়াছড়িতে সড়ক অবরোধ আজ
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমার মুক্তির দাবিতে আজ বুধবার জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে। ‘সুপার জ্যোতি চাকমা মুক্তি সংগ্রাম কমিটি’ গতকাল মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সুপার জ্যোতি চাকমার মুক্তির দাবি ও তাঁর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ জনগণকে হয়রানি বন্ধ এবং পার্বত্য চট্টগ্রাম থেকে অপারেশন উত্তরণ প্রত্যাহার ও একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ে সরকারের অসাংবিধানিক ১১ দফা নির্দেশনা প্রত্যাহারের দাবিতে বুধবার পুরো খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ করা হবে।
যৌথ বাহিনী অভিযান চালিয়ে সুপার জ্যোতি চাকমাকে উপজেলা পরিষদের বাসভবন থেকে গত রোববার রাতে গ্রেপ্তার করে।
এদিকে গতকাল ১২৭ সদস্যের সুপার জ্যোতি চাকমা মুক্তি সংগ্রাম কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংগ্যপ্রু মারমা ও সদস্যসচিব উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেবি রানী বসু।