খাগড়াছড়িতে সড়ক অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত
খাগড়াছড়ির চার উপজেলায় পাহাড়ি ছাত্র পরিষদের ডাকা অর্ধদিবস সড়ক অবরোধ কর্মসূচি গতকাল শনিবার শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। সেমুতাং গ্যাসক্ষেত্র থেকে উত্তোলিত গ্যাস পার্বত্য চট্টগ্রামের জনগণের চাহিদা পূরণ না করে বাইরে নিয়ে যাওয়ার প্রতিবাদে পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরাম গত শুক্রবার মানিকছড়িতে এক সমাবেশের ডাক দেয়। প্রশাসন ১৪৪ ধারা জারি করায় এ সমাবেশ হতে পারেনি। এর প্রতিবাদে সংগঠন দুটি মানিকছড়ি, রামগড়, মাটিরাঙ্গা ও লক্ষ্মীছড়ি—এই চার উপজেলায় সড়ক অবরোধের ডাক দেয়। চারটি উপজেলায় সড়ক অবরোধ কর্মসূচি পালিত হলেও জেলা সদরের সঙ্গে চট্টগ্রাম ও ঢাকার সঙ্গে যোগাযোগ কার্যত বন্ধ ছিল। ভোরের দিকে ঢাকা থেকে আসা বাসগুলোকে পুলিশের প্রহরায় খাগড়াছড়িতে আনা হয়। জানতে চাইলে জেলা পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক প্রথম আলোকে বলেন, সড়ক অবরোধকালে কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি অংগ্য মারমা এক বিবৃতিতে সড়ক অবরোধ কর্মসূচি সফলভাবে পালনে সহযোগিতা করায় এলাকার সর্বস্তরের জনগণ ও পরিবহন মালিক-শ্রমিকদের ধন্যবাদ জানিয়েছেন।একই দাবিতে আজ রোববার দুপুরে খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভর এলাকায় বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে।