খাগড়াছড়িতে হেডম্যান ও কার্বারিদের সম্মেলন শুরু
পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী নেতৃত্ব হেডম্যান-কার্বারিদের ক্ষমতা বৃদ্ধি, তাঁদের দাবিদাওয়া ও সমস্যা নিয়ে দুই দিনব্যাপী সম্মেলন গতকাল শুক্রবার সকালে খাগড়াছড়ি টাউন হলে শুরু হয়েছে। সম্মেলন উদ্বোধন করেন চাকমা সার্কেলের প্রধান রাজা দেবাশীষ রায়।সম্মেলন আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য তিন জেলা থেকে প্রায় দেড় হাজার হেডম্যান-কার্বারি সম্মেলনে যোগ দিয়েছেন। সম্মেলনে হেডম্যান-কার্বারিদের দক্ষতা বৃদ্ধি, তাঁদের বিভিন্ন সমস্যা, দাবিদাওয়া নিয়ে আলোচনা হবে এবং শেষ দিনে খাগড়াছড়ি হেডম্যান অ্যাসোসিয়েশনের কাউন্সিল অনুষ্ঠিত হবে।উদ্বোধনী বক্তৃতায় রাজা দেবাশীষ রায় বলেন, সংবিধানে আদিবাসী-উপজাতি বলে কোনো শব্দ নেই। তাই আদালতের নিষেধাজ্ঞা ছাড়া আদিবাসী শব্দটির ব্যবহার পরিহার করার সরকারি নির্দেশনা দেওয়া সঠিক সিদ্ধান্ত নয়। তিনি সম্প্রতি পার্বত্য মন্ত্রণালয় থেকে জারি করা এ সংক্রান্ত আদেশ প্রত্যাহার করার দাবি জানান। তিনি বলেন, প্রত্যেকেরই অধিকার আছে, কে কোন পরিচয়ে পরিচিত হতে চায়। তিনি আরও বলেন, পার্বত্য চুক্তি অনুসারে বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যগত প্রথা ও নেতৃত্ব প্রতিষ্ঠায় আন্তরিক। তিনি পার্বত্য চুক্তি দ্রুত বাস্তবায়নের দাবি জানান।সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়নে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। চুক্তি বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য চট্টগ্রমের বিরাজমান সমস্যা দূর হয়ে যাবে। তিনি পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-বাঙালি সম্প্রীতি বন্ধনে গুরুত্ব আরোপ করেন।খাগড়াছড়ি জেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি শক্তিপদ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মং সার্কেলের চিফ রাজা সাচিং প্রু চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান রুইথি কার্বারি, অতিরিক্ত জেলা প্রশাসক সালাউদ্দিন আহম্মেদ, ইউএনডিপি-সিএইচটিডিএফের কো-অডিনেটর রব স্টলম্যান, কনসাল জেনারেল অব জাপানের মো. নুরুল ইসলাম, এএলআরডির নির্বাহী পরিচালক শামছুল হুদা, হেডম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুইহ্লাপ্রু চৌধুরী প্রমুখ।