খাগড়াছড়িতে হেডম্যানদের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র তিন দিনের মধ্যে ভূমিহীনদের তালিকা চেয়ে পার্বত্য খাগড়াছড়ির হেডম্যানদের কাছে চিঠি পাঠিয়েছে স্থানীয় ভূমি কার্যালয়। জেলার মং সার্কেলের হেডম্যানদের অনেকের অভিযোগ, ওই চিঠিতে ভূমিহীনদের যে সংজ্ঞা দেওয়া হয়েছে, তা স্পষ্ট নয়।একাধিক হেডম্যান ক্ষোভ প্রকাশ করে গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, বেঁধে দেওয়া সময়সীমা পার হওয়ার পর তাঁরা ওই চিঠি পেয়েছেন। অনেকের অভিযোগ, চিঠি নয়, মৌখিকভাবে তাঁদের কাছে তালিকা চাওয়া হয়েছে। সময়ও দেওয়া হয়েছে অল্প।মং সার্কেলের কয়েকজন হেডম্যান বলেন, এমনিতেই পার্বত্য এলাকায় ভূমি নিয়ে প্রতিনিয়ত ঝামেলার সৃষ্টি হচ্ছে। এখানে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনও কাজ করছে না। এ অবস্থায় এ ধরনের চিঠি ভূমি বিরোধ নিয়ে সৃষ্ট জটিলতাকে আরও ঘোলাটে করে তুলবে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভূমিহীনদের তালিকা তৈরির নির্দেশনা দিয়ে গত ১৯ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয়ের শাখা-৪-এর জ্যেষ্ঠ সহকারী সচিব মো. মনিরুজ্জামান মিয়ার সই করা একটি চিঠি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে পাঠানো হয়। পরে ওই চিঠি অনুযায়ী চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহকারী কমিশনার (রাজস্ব) মো. ফিরোজ মুহামুদের সই করা চিঠি জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়। পরে খাগড়াছড়ির সদর উপজেলা ভূমি কার্যালয় থেকে গত ২৭ অক্টোবর তিন দিনের মধ্যে তালিকা তৈরির নির্দেশ দিয়ে হেডম্যানদের কাছে চিঠি পাঠানো হয়।রাঙামাটি জেলা প্রশাসক সৌরেন্দ্রনাথ চক্রবর্তী একই চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, সমতলে ভূমিহীনের যে সংজ্ঞা নির্ধারিত আছে, তা পার্বত্য এলাকায় প্রযোজ্য কি না, সে বিষয়ে জানতে চেয়ে ভূমি মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠিয়েছেন। তিনি কোনো হেডম্যানকে চিঠি দেননি।ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. মনিরুজ্জামান মিয়া গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পার্বত্য এলাকায় ভূমি বন্দোবস্ত কার্যক্রম বন্ধ রয়েছে। তাই ভূমিহীনদের তালিকা প্রযোজ্য কি না, তা যাচাই করে বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হবে।মং সার্কেলে প্রধান রাজা সাচিং প্রু বলেন, ‘আমিও কোনো চিঠি পাইনি।’ গতকাল কয়েকজন হেডম্যান তাঁর বাসভবনে এসে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলে উল্লেখ করে রাজা সাচিং প্রু বলেন, চিঠিটি অস্পষ্ট। আর এত কম সময়ে ভূমিহীনের তালিকা করা অসম্ভব।চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর উপজেলার ভুয়াছড়ি মৌজার হেডম্যান কীর্তিময় চাকমা বলেন, দক্ষিণ ভুয়াছড়ি বাঙালিপাড়ার হায়দার আলী নামের এক ব্যক্তির নেতৃত্বে তালিকা করে ১০২ জন ভূমিহীন বাঙালি পরিবারের তালিকা তাঁর কাছে জমা দেওয়া হয়েছে। অথচ কোনো আদিবাসী ভূমিহীন পরিবার বিষয়টি জানে না। এ নিয়ে আদিবাসী ও বাঙালিদের মধ্যে অবিশ্বাস দেখা দিতে পারে।খাগড়াছড়ি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শহীদুল ইসলাম বলেন, ‘আমার জানামতে, সব হেডম্যানকে চিঠি পাঠানো হয়েছে। অনেকে না পাওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে।’