খাগড়াছড়িতে ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা ঘটনায় নিষিদ্ধঘোষিত সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ১১ সদস্যের বিরুদ্ধে গতকাল বুধবার আরও তিনজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। গতকাল দুপুরে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রত্নেশ্বর ভট্টাচার্যের আদালতে এ সাক্ষ্য নেওয়া হয়।
গতকাল বেলা সাড়ে ১১টায় কড়া নিরাপত্তায় জেএমবির আট সদস্যকে আদালতে আনা হয়। জামিনে থাকা অপর তিন আসামিও আদালতে হাজির হন। আদালতে সাক্ষ্য দেন জেলা আদালতের বেঞ্চ সহকারী প্রবৃতি কুমার চাকমা ও আব্দুল জব্বার এবং মুদি দোকানদার নুরুল আলম। ১৭ আগস্ট খাগড়াছড়ির চারটি জায়গায় কীভাবে বোমা হামলা হয়েছে সাক্ষীরা তার বর্ণনা দেন। গতকাল শুনানির সময় জেএমবির আটজনকে আদালতে হাজির করা হয়। তাঁরা হলেন আরিফুল ইসলাম ওরফে নাসির, মঞ্জু মিয়া, রুহুল আমীন (১), রুহুল আমীন (২), মো. ইসমাইল হোসেন, ফারুক মিয়া, আইয়ুব আলী ও শহিদুল ইসলাম। এই মামলায় জামিনে থাকা এমদাদুল হক মাস্টার, হাসান আল মামুন ও আব্দুল করিমও শুনানির সময় হাজির হন।
গতকাল সাক্ষ্য গ্রহণ শেষে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) বিধান কানুনগো প্রথম আলোকে বলেন, আগামী ৯ আগস্ট মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। এর আগে ৮ জুন এই মামলায় তিনজন সাক্ষ্য দেন।
২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশের ৬৩ জেলায় এক সঙ্গে জেএমবি বোমা হামলা চালায়। ওই দিন খাগড়াছড়ি আদালত প্রাঙ্গণসহ চারটি জায়গায় বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করে জেএমবি। বোমা বিস্ফোরণের পর আরিফুল ইসলাম ওরফে নাসিরকে খাগড়াছড়ি জেলার পানছড়ি ফাতেমা নগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।