খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার বাঘাইছড়িতে বহাল, মামলা
খাগড়াছড়ি পৌর এলাকা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। তবে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় তা বহাল রয়েছে। এ ছাড়া বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাটে ২০ ফেব্রুয়ারির সহিংসতার ঘটনায় পাল্টাপাল্টি মামলা করেছে আদিবাসী ও বাঙালিরা। গতকাল রোববার স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এ কথা জানান। খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার আমীর জাফর জানান, এলাকার সার্বিক পরিস্থিতির উন্নতি হওয়ায় গতকাল দুপুর ১২টা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। দুপুরে পুলিশের চট্টগ্রাম অঞ্চলের ডিআইজি আসাদুজ্জামান খান খাগড়াছড়ির নতুন পুলিশ সুপার মো. আবু কালাম সিদ্দিককে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করার জন্য খাগড়াছড়ির পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন ডিআইজি। তিনি ক্ষতিগ্রস্ত তিন শিক্ষক পরিবার ও সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে নিরাপত্তার আশ্বাস দেন।বাঘাইহাটে ২০ ফেব্রুয়ারির ঘটনার জের ধরে খাগড়াছড়ি পৌর এলাকায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় মঙ্গলবার দুপুর ২টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেন জেলা প্রশাসক।তবে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ১৪৪ ধারা এখনো বহাল রয়েছে। গত ২০ ফেব্রুয়ারি সংহিসতা নিয়ন্ত্রণে উপজেলায় ১৪৪ ধারা জারি করেছিল স্থানীয় প্রশাসন। গতকাল বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাটে গিয়ে দেখা যায়, বাজারে দোকানপাট খোলেনি। দীঘিনালা-বাঘাইহাট সড়কে যান চলাচল বন্ধ ছিল।এদিকে বাঘাইহাটে ২০ ফেব্রুয়ারি আদিবাসী-বাঙালি সংঘর্ষের ঘটনায় গতকাল পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। আদিবাসীদের পক্ষে মামলা করেন ওই সংঘর্ষে নিহত বুদ্ধপুদি চাকমার স্বামী উত্তম কুমার চাকমা। মামলায় ২৫ জন বাঙালিকে আসামি করা হয়েছে। বাঙালিদের পক্ষে ১০ জনের নাম উল্লেখসহ দুই শতাধিক আদিবাসীকে আসামি করে মামলা করেন বাঘাইহাট নতুন পাড়া গ্রামের মো. দেলোয়ার হোসেন।মামলার বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশিরুল হক ভূঁইয়া বলেন, ‘আগামীকাল (সোমবার) উপজেলা প্রশাসনের একটি সভা হবে। সভায় মামলার বিষয়ে আলোচনা করা হবে।’রাঙামাটি থেকে নিজস্ব প্রতিবেদক জানান, বাঘাইহাটের সহিংস ঘটনায় সেনাবাহিনীর হাতে আটক চার আদিবাসীকে গতকাল জামিন দিয়েছেন রাঙামাটির মুখ্য বিচারিক হাকিম আদালত। ওই চারজন বর্তমানে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন। জামিনপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, দেবেন্দ্র চাকমা (৪০), রূপায়ণ চাকমা (১৭), লিটন চাকমা (২৩) ও মিথ্যা চাকমা (২৩)। গত ২২ ফেব্রুয়ারি সেনাবাহিনীর সিপাহি আবুল হোসেন বাদী হয়ে ওই চারজনসহ ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে বাঘাইছড়ি থানায় মামলা করেন।আদিবাসীরা এখনো ফিরতে পারেনি: বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি জানান, গত শনিবার বাঘাইছড়ির জারুলছড়ি, ডুলুবন্যা, হেদারছড়া, বঙ্গলতলী, বালুকমাস্যা, এগয্যাছড়ি, ঢেবাছড়ি, হাতিমারা, মন্দিরাছড়া, করল্যাছড়ি, কলাবন্যা ঘুরে দেখা গেছে বাঘাইহাটের সহিংস ঘটনার পর উদ্বাস্তু আদিবাসীরা পরিবারের সদস্যদের জঙ্গলে রেখে দুমুঠো খাবারের জন্য লোকালয়ে হন্যে হয়ে ঘুরছে।জানা গেছে, ২০ ফেব্রুয়ারির সহিংসতার ঘটনায় পুড়ে যাওয়া গ্রামগুলোর দুই হাজারের বেশি আদিবাসী আশ্রয়হীন হয়ে পড়ে। কিছু লোক স্বজনের বাড়িতে আশ্রয় নিলেও দেড় হাজারের বেশি আদিবাসী আশ্রয় নিয়েছে জঙ্গলে। এরা খাবার ও পানির সংকটে রয়েছে। বঙ্গলতলী জঙ্গলে আশ্রয় নেওয়া ধনবি চাকমা গত শনিবার বলেন, ‘আমার বাড়ি গুচ্ছ গ্রামে। আমার সামনেই বুদ্ধপদি চাকমাকে গুলি করে মেরে ফেলা হয়েছে। আমি আমার ছেলেকে নিয়ে কোনো রকমে বাঁচি। দুই দিন-দুই রাত একটি গুহার ভেতরে ছিলাম।’ বাঘাইহাটের চার নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নয়ন রঞ্জন চাকমা জানান, আদিবাসীরা দিনে ত্রাণের জন্য রাস্তায় এলেও বিকেলে আবার জঙ্গলে ফিরে যায়। উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা জানান, পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। আদিবাসীরা এখনো জঙ্গলে অবস্থান করছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।