খাগড়াছড়িতে ২০ সেতু ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীন ১০টি প্রধান সড়কের সাতটিতে অন্তত ২০টি সেতু অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো সময় এসব সেতু ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত এক মাসের মধ্যে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের বাইল্যাছড়ি ও খাগড়াছড়ি-মহালছড়ি সড়কের মানিকছড়ি সেতু ধসে সড়ক যোগাযোগ বন্ধ ছিল।খাগড়াছড়ির সওজ সূত্রে জানা যায়, খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে ছয়টি, খাগড়াছড়ি-মহালছড়ি সড়কে দুটি, খাগড়াছড়ি-পানছড়ি সড়কে তিনটি, মানিকছড়ি-লক্ষ্মীছড়ি সড়কে তিনটি, মাটিরাঙ্গা-তানাক্কাপাড়া সড়কে দুটি, রামগড়-জালিয়াপাড়া সড়কে একটিসহ ২০টি সেতু অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পুনর্নির্মাণ না করা হলে এসব সেতু যেকোনো সময় ধসে পড়তে পারে। মেয়াদোত্তীর্ণ এসব সেতুর অবস্থা এতই খারাপ যে সংস্কার করে সেগুলো চলাচলের উপযোগী করা সম্ভব নয়।সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া জানান, খাগড়াছড়ি জেলায় ১৬০ কোটি টাকা ব্যয়ে ৬৩টি সেতু পুনর্নির্মাণের জন্য একনেকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। একনেকের অনুমোদন পেলে সেতুগুলো নির্মাণ করা হবে। তখন খাগড়াছড়ি জেলায় সড়ক যোগাযোগের আর সমস্যা থাকবে না। তিনি আরও জানান, ইতিমধ্যে এই ৬৩টি সেতুর বাইরে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের সাতটি বড় সেতু নির্মাণের জন্য একনেকের অনুমোদন লাভ করেছে। সেতুগুলোর অবস্থা সম্পর্কে তিনি বলেন, বেইলি সেতুগুলোর অধিকাংশই গত শতকের আশির দশকে নির্মিত।