খাগড়াছড়িতে ৩০ জুন পর্যন্ত সভা-সমাবেশ নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখার জন্য ৩০ জুন পর্যন্ত অনুমতি ছাড়া সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আয়োজিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে গত বুধবার নিরাপত্তা বাহিনীর ওপর হামলার অভিযোগে আটক আট ইউপিডিএফ কর্মীর মধ্যে আদালত পাঁচজনের জামিন মঞ্জুর করেছেন।

জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, পুলিশ সুপার মো. আলী আহমেদ খান, সদর জোন কমান্ডার জি এম সোহাগ, ৩২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুজ্জামান চৌধুরী ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের প্রতিনিধি মেজর মাশফেকুর রহমানসহ সামরিক-বেসামরিক কর্মকর্তা, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় ৩২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল হাসানুজ্জামান চৌধুরী অভিযোগ করেন, একটি মহল জোর করে স্বনির্ভর বাজার বন্ধ করে রেখেছে।

অভিযোগ অস্বীকার করে স্বনির্ভর বাজার কমিটির সভাপতি দ্বিপায়ন চাকমা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গত বুধবার বাজারের বিভিন্ন দোকানের মালিক, কর্মচারী ও ক্রেতাদের অহেতুক মারধর, জোরপূর্বক থানায় ধরে নেওয়া ছাড়াও কয়েকটি দোকান বন্ধ করে দেওয়ার প্রতিবাদে তাঁরা আজ বাজার কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার সব দোকান বন্ধ রেখেছেন।

পাহাড়ি নেত্রী কল্পনা চাকমা অপহরণের ২১তম বার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার খাগড়াছড়িতে হিল উইমেন্স ফেডারেশনের বিক্ষোভ মিছিলে বাধা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আটজনকে আটক করেছ পুলিশ। ঘটনার পর খাগড়াছড়ি জেলার বিভিন্ন সড়কে গাড়ি ভাঙচুর করা হয়। বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত জেলার বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ থাকে।
এদিকে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে খাগড়াছড়িতে ইউপিডিএফ ও সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতা-কর্মীকে আসামি করে মামলা হয়েছে। বুধবার রাতে খাগড়াছড়ি ৩২ বিজিবির নায়েক সুবেদার আবদুল হক বাদী হয়ে মামলাটি করেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে ২৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলায় ইউপিডিএফের সংগঠক মিথুন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপুল চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদিকা দ্বিতীয়া চাকমার নাম রয়েছে বলে জানা গেছে।
আটক ব্যক্তিদের মধ্যে আটজনকে আজ বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া বেগমের আদালতে তোলা হলে আদালত পাঁচজনের জামিন মঞ্জুর করেন।