বিডিআরে বিদ্রোহের ঘটনায় দুটি পৃথক মামলার রায়ে খাগড়াছড়িতে ৮৯ জওয়ানকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। বেকসুর খালাস দেওয়া হয়েছে ২২ জওয়ানকে।গতকাল বৃহস্পতিবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) খাগড়াছড়ি সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৫ এ রায় ঘোষণা করা হয়। পরে আসামিদের খাগড়াছড়ি কারাগারে পাঠানো হয়।১১ রাইফেল ব্যাটালিয়ন রামগড়ে বিদ্রোহের ঘটনায় বিজিবি খাগড়াছড়ি সেক্টরের কমান্ডার কর্নেল আবু ওহাব মো. হাফীজুল হকের সভাপতিত্বে সকাল ১০টায় আদালত বসে। রায় দেওয়ার আগে সভাপতি বলেন, এটা নিশ্চিতভাবে প্রমাণিত হয়েছে যে ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি রামগড় ব্যাটালিয়ন সদরসহ বাগান বাজার বিওপি, মহামুনি বিওপি, লক্ষ্মীছড়া বিডিআর ক্যাম্প, কাশিবাড়ী বিডিআর ক্যাম্প ও বৌদ্ধপাড়া বিডিআর ক্যাম্পে বিদ্রোহ হয়েছে।এ মামলার রায়ে ৬৯ জন আসামির মধ্যে ১১ জনকে সর্বোচ্চ সাত বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ ও প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করেন আদালত। সর্বোচ্চ কারাদণ্ড পাওয়া জওয়ানেরা হলেন নায়েব সুবেদার কে এম আমজাদ হোসেন, হাবিলদার মো. আবদুল কাইয়ুম, মো. নুরুল ইসলাম ও মো. ওবায়দুল ইসলাম, সেপাই মো. দুলাল হোসেন মল্লিক, জোবায়ের হোসেন, মো. শাহদাৎ হোছাইন চৌধুরী, মো. শহিদুল ইসলাম, মো. এরশাদুজ্জামান, মো. মাহিদুল হাসান ও মো. আসাদুজ্জামান। রায়ে নয়জনকে বেকসুর খালাস প্রদান এবং বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। এঁদের মধ্যে দুজনকে পাঁচ বছর, দুজনকে সাড়ে চার বছর, ছয়জনকে চার বছর, আটজনকে সাড়ে তিন বছর, নয়জনকে তিন বছর, একজনকে আড়াই বছর, চারজনকে দুই বছর, দুজনকে দেড় বছর, দুজনকে এক বছর, আটজনকে ছয় মাস ও পাঁচজনকে চার মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।বেলা তিনটায় একই আদালতে খাগড়াছড়ি বিডিআর সেক্টর সদর দপ্তরে সংঘটিত বিদ্রোহের মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে ৪২ আসামির মধ্যে চারজনকে সর্বোচ্চ পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ ও প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়। ১৩ জনকে বেকসুর খালাস দেওয়া হয়। পাঁচ বছর সাজা পাওয়া জওয়ানেরা হলেন হাবিলদার মাহবুব রহমান, ও হাবিবুর রহমান, নায়েক আবু হানিফ এবং ল্যান্স নায়েক মো. মোসাদ্দিকুর। এ ছাড়া একজনকে চার বছর, চারজনকে তিন বছর, একজনকে আড়াই বছর, দুজনকে দেড় বছর, তিনজনকে এক বছর, ১২ জনকে ছয় মাস ও দুজনকে চার মাস করে সশ্রম কারাদণ্ডাদেশ এবং প্রত্যেককে ১০০ টাকা জরিমানা করা হয়েছে। এ মামলায় ২২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। সাফাই সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন দুজন। মামলার অষ্টম কার্যদিবসে এ রায় দেওয়া হলো।রায় ঘোষণা উপলক্ষে গতকাল খাগড়াছড়ি সেক্টর সদর দপ্তর ও বিশেষ আদালত চত্বরে বিশেষ নিরাপত্তারব্যবস্থা করা হয়।