খাগড়াছড়িতে 'আলোর দিশারী'র উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি উদ্যোগে খাগড়াছড়ি জেলা সদরের বটতলীতে দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধীদের বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান আলোর দিশারী শিক্ষালয় গতকাল শুক্রবার উদ্বোধন করা হয়েছে।
এ ধরনের বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান খাগড়াছড়ি জেলায় এই প্রথম। মাটিরাঙ্গা উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের অধীনে শুধু দৃষ্টিপ্রতিবন্ধীদের একটি ছাত্রাবাস ও ব্রেইল পদ্ধতিতে শিক্ষার প্রতিষ্ঠান রয়েছে। যাতে আটজন শিক্ষার্থী শিক্ষার সুযোগ পাচ্ছে।
প্রবীণ শিক্ষক ও আলোর দিশারী শিক্ষালয়ের পরিচালনা কমিটির সভাপতি প্রজ্ঞাবীর চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, হেডম্যান অ্যাসোসিয়েশনের সহসভাপতি ক্ষেত্রমোহন রোয়াজা, নারীনেত্রী নমিতা চাকমা ও কারিতাসের খাগড়াছড়ি জেলা সমন্বয়ক মিল্টন বিশ্বাস।
চঞ্চুমনি চাকমা বলেন, এ ধরনের বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা আমাদের দৃষ্টিকে, কর্মক্ষেত্রকে আরও সম্প্রসারিত করে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে উৎসাহিত করে।
মিল্টন বিশ্বাস বলেন, কারিতাসের আলোঘর শিক্ষা প্রকল্প প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে। এই প্রকল্প থেকে এ প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। আপাতত পাঁচজন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী শিক্ষার সুযোগ পাচ্ছে। পরবর্তী সময়ে এ সংখ্যা বাড়বে। তাদের থাকা ও খাওয়ার ব্যয় সবই কারিতাস বহন করবে।