খাগড়াছড়ির গুইমারা থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার
খাগড়াছড়ির গুইমারা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম মহিনী ত্রিপুরা (৩৫)। গতকাল সোমবার ভোরে উপজেলার বাইল্ল্যাছড়ি মৌজার দলাদলি পাড়া থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত নারীর স্বামী সুমন ত্রিপুরা কৃষক। তাঁদের তিন সন্তান রয়েছে।
পুলিশ সূত্র জানায়, গতকাল ভোরে বাড়ির পাশের পাহাড়ের একটি কুয়া থেকে পানি আনতে যান মহিনী ত্রিপুরা। কিছুক্ষণ পরে তাঁর বড় ছেলে সুজন ত্রিপুরা (১২) পানি আনার জন্য সেখানে গিয়ে কুয়ার পাশে মায়ের গলাকাটা লাশ দেখতে পায়। ছেলের চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে যান। বিষয়টি সেনাবাহিনী ও পুলিশকে জানানো হয়।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়েরুল হক গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কী কারণে এবং কে বা কারা ওই নারীকে হত্যা করেছে, তা বের করার চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ বিকেলে হস্তান্তর করা হয়েছে।