খাগড়াছড়ির চার উপজেলায় আজ সড়ক অবরোধ
পার্বত্য চুক্তির ১৪তম বর্ষপূর্তি উপলক্ষে জনসংহতি সমিতি ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-সমর্থিত (ইউপিডিএফ) গণতান্ত্রিক যুব ফোরাম গতকাল শুক্রবার খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার রাজবাড়ী মাঠসংলগ্ন এলাকায় পৃথক সমাবেশের ডাক দেয়। সংঘর্ষের আশঙ্কায় সেখানে ১৪৪ ধারা জারি করে উভয় সংগঠনের কর্মসূচি ভণ্ডুল করে দেয় প্রশাসন।প্রশাসনের ওই সিদ্ধান্তের প্রতিবাদে জেলার চারটি উপজেলা—মাটিরাঙ্গা, মানিকছড়ি, রামগড় ও লক্ষ্মীছড়িতে আজ শনিবার আধা বেলা সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে ওই দুটি সংগঠন। গতকাল পৃথক বিজ্ঞপ্তিতে তারা এ ঘোষণা দেয়।১৪৪ ধারা জারির সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম উদ্দিন জানান, শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে প্রশাসন এ ব্যবস্থা নিয়েছে।এদিকে পার্বত্য চুক্তির ১৪তম বর্ষপূর্তি উপলক্ষে গতকাল সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি মিছিল বের হয়। মিছিলের নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা এবং সাধারণ সম্পাদক জাহেদুল আলম। মিছিলটি জেলা শহরের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চে এসে শেষ হয়। মিছিলে পার্বত্য চুক্তিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অমর কীর্তি আখ্যায়িত করে তাঁকে অভিনন্দন জানানো হয়।সকাল ১০টায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এম এন লারমা) খাগড়াপুর কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করে। সমিতির কো-চেয়ারপারসন সুধাসিন্ধু খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের অপর কো-চেয়ারপারসন রূপায়ণ দেওয়ান। বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব তাতীন্দ্র লাল চাকমা, দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ধর্মবীর চাকমা, বাঘাইছড়ি উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা প্রমুখ। বক্তারা অবিলম্বে পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবি জানান।