খাগড়াছড়ির ছয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রের ব্যবস্থা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বাসিন্দা মঞ্জু মিয়া। চিকিৎসক তাঁর স্ত্রীকে এক্স-রে করানোর পরামর্শ দিয়েছেন। কিন্তু মহালছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে করার ব্যবস্থা নেই। তাই তিনি সোমবার স্ত্রীকে নিয়ে ৩০ কিলোমিটার দূরে জেলা সদরে আসেন। বিকেল হয়ে যাওয়ায় সদর হাসপাতালে এক্স-রে করানোর সময় শেষ হয়ে যায়। অবশেষে তাঁরা শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে (রোগনির্ণয় কেন্দ্র) আসেন। বিকেল পাঁচটার পরও রিপোর্ট না দেওয়ায় বাড়ি ফিরতে পারবেন কি না, তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন মঞ্জু মিয়া।মঞ্জু মিয়ার মতো খাগড়াছড়ির ছয়টি উপজেলার বাসিন্দারা নিজের কিংবা নিকটজনের এক্স-রে করাতে গিয়ে প্রতিদিনই এ রকম সমস্যায় পড়েন। কারণ ওই ছয় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে করানোর ব্যবস্থা নেই। এসব হাসপাতালে এক্স-রে মেশিন থাকলেও নানা সমস্যার কারণে সেগুলো চালানো সম্ভব হচ্ছে না। জানা গেছে, খাগড়াছড়ি জেলার মহালছড়ি, পানছড়ি, দীঘিনালা, মানিকছড়ি, মাটিরাঙা ও লক্ষ্মীছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে করানোর ব্যবস্থা নেই। এর মধ্যে দীঘিনালায় কক্ষ না থাকায় এবং বাকি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বিদ্যুতের লো-ভোল্টেজ সমস্যার কারণে এক্স-রে মেশিন চালু করা যাচ্ছে না। রামগড় উপজেলায় কয়েক মাস আগে উচ্চ ক্ষমতাসম্পন্ন ভোল্টেজ স্টাবলাইজার বসিয়ে এক্স-রে মেশিন চালু করা হয়েছে। আর জেলা সদর হাসপাতালে তিনটি এক্স-রে মেশিন চালু আছে। খাগড়াছড়ির সিভিল সার্জন উদয়শংকর দেওয়ান জানান, জেলার সব হাসপাতালে এক্স-রে মেশিন রয়েছে। কিন্তু লো-ভোল্টেজের কারণে সেগুলো চালানো যাচ্ছে না। পর্যায়ক্রমে এসব হাসপাতালে উচ্চক্ষমতার স্টাবলাইজার বসিয়ে এক্স-রে মেশিন চালুর উদ্যোগ নেওয়া হবে। জেলা স্বাস্থ্য বিভাগের কয়েকজন কর্মকর্তা জানান, শুধু বিদ্যুৎ সমস্যার কারণে ছয়টি উপজেলার রোগীরা এক্স-রে সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। অথচ অতিরিক্ত কিছু অর্থ ব্যয় করলে সেই সেবা রোগীরা পেতে পারে। জেলার স্বাস্থ্য বিভাগ পার্বত্য জেলা পরিষদের অধীনে। এ পরিষদ উন্নয়নের জন্য প্রতিবছর কোটি কোটি টাকা খরচ করে থাকে। পার্বত্য জেলা পরিষদ আন্তরিক হলে সামান্য অর্থের বিনিময়ে এক্স-রে মেশিনগুলো চালু করার উদ্যোগ নিতে পারে।