খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতী বাজার এলাকায় সমাবেশ করতে না দেওয়া এবং ওই এলাকায় ১৪৪ ধারা জারির প্রতিবাদে গণতান্ত্রিক যুব ফোরাম জেলার মাটিরাঙ্গা, মানিকছড়ি ও রামগড় উপজেলায় আজ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে। গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক মাইকেল চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। বিবৃতিতে অভিযোগ করা হয়, গণতান্ত্রিক যুব ফোরাম নেতা ও মাটিরাঙ্গা উপজেলা কমিটির সভাপতি পঞ্চসেন ত্রিপুরাকে হত্যার প্রতিবাদে আয়োজিত পূর্বনির্ধারিত সমাবেশ করতে না দেওয়া এবং সমাবেশের নির্ধারিত স্থান গোমতী বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করা সম্পূর্ণ অযৌক্তিক। প্রশাসনের এ অগণতান্ত্রিক আচরণ, এর আগে বিজিবি কর্তৃক গণতান্ত্রিক যুব ফোরাম ও পাহাড়ি ছাত্র পরিষদের দুই কর্মীকে আটকের প্রতিবাদ এবং তাঁদের মুক্তির দাবিতে এ অবরোধের ডাক দেওয়া হয়েছে। মাটিরাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা শহীদ মোহামঞ্চদ ছাইদুল হক মুঠোফোনে জানান, সহিংসতার আশঙ্কা ও আইনশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে উপজেলার গোমতী বাজার এলাকায় বুধবার বিকেল চারটা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।