খাগড়াছড়ির বেশির ভাগ বেইলি সেতুই ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির বিভিন্ন সড়কের বেশির ভাগ বেইলি সেতুই ঝুঁকিপূর্ণ। এসব সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, ১৯৮০ সালে পার্বত্য চট্টগ্রামে বিরাজমান পরিস্থিতি কারণে জরুরি ভিত্তিতে খাগড়াছড়ির নয়টি গুরুত্বপূর্ণ সড়কে বেইলি সেতু স্থাপন করা হয়। এসব বেইলি সেতুর মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। তবে জেলার সড়ক যোগাযোগ চালু রাখার স্বার্থে কোনো রকমে জোড়াতালি দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে সওজ।স্থানীয় লোকজন জানান, এসব সেতু দিয়ে প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে শত শত যানবাহন চলাচল করে। প্রায় সময় সেতুর পাটাতন খুলে পড়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।ঝুঁকিপূর্ণ এসব সেতু দিয়ে নিয়মিত যাতায়াত করা ট্রাকচালক আলমগীর হোসেন, বাবুল বড়ুয়া, জসীম উদ্দিন ও কামাল হোসেন বলেন, গাড়ি নিয়ে বেইলি সেতুতে উঠলে মনে হয় দোলনায় উঠেছি। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে বেইলি সেতু পার হতে হয়। গাড়িচালকেরা জানান, আলুটিলায় দুটি, সাপমারায় একটি, গুইমারা বাজারে একটি, বাল্যছড়িতে দুটি ও মহামুনি সেতু বেশি ঝুঁকিপূর্ণ। এসব সেতু দিয়ে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চালাতে হয়। খাগড়াছড়ি ট্রাক-মিনি ট্রাক মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক মোহামঞ্চদ কাশেম বলেন, ‘ট্রাকচালক পণ্য নিয়ে গন্তব্যে যাত্রা করার পর চিন্তায় থাকি ট্রাকটি কোনো সেতুতে আটকা পড়ল কি না।’ তিনি আরও বলেন, অবিলম্বে এসব জায়গায় সেতু নির্মাণ করা প্রয়োজন।সওজ বিভাগ সূত্র জানায়, বেশির ভাগ বেইলি সেতুই জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ। বর্তমানে এসব বেইলি সেতুর সরঞ্জামও পাওয়া যায় না। ফলে কোনো সেতুতে সমস্যা হলে মেরামত করে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে তাদের হিমশিম খেতে হয়।সওজের খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলী ইসমাইল হোসেন বলেন, ৩৪টি অস্থায়ী সেতুর জায়গায় আরসিসি সেতু নির্মাণে একটি প্রকল্প গ্রহণ করে অনুমোদনের জন্য সদর দপ্তরে পাঠানো হয়েছিল। তিনি আরও বলেন, ‘শিগগিরই সেতুগুলোর কাজ শুরু হবে বলে জানতে পেরেছি।’