খাগড়াছড়ির বেশির ভাগ বেইলি সেতুর মেয়াদ নেই, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মালবোঝাই ট্রাক নিয়ে যখন সেতুগুলো পার হই, তখন সেতুগুলো বিকট আওয়াজ করে দোলনার মতো দুলতে থাকে। পার হওয়ার সময় শুধু আল্লাহকে ডাকি, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। উপায় নেই, নড়বড়ে এসব সেতু পার হয়েই গন্তব্যে যেতে হচ্ছে প্রতিদিন।’ কথাগুলো বললেন খাগড়াছড়ি ও চট্টগ্রামে নিয়মিত ট্রাক নিয়ে যাতায়াত করা চালক আলমগীর হোসেন।আলমগীরের মতো প্রায় সব চালক এই পথে জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালান। কারণ খাগড়াছড়ির বিভিন্ন সড়কে নির্মিত অধিকাংশ বেইলি সেতু এখন ঝুঁকিপূর্ণ। গত ১৭ আগস্ট রাতে জেলার গুইমারা বাজারের বেইলি সেতুর পাটাতন খসে পড়ায় দীর্ঘ ২০ ঘণ্টা খাগড়াছড়ির সঙ্গে ঢাকা-চট্টগ্রাম সড়কসহ সব সড়কের যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এর আগে গত বছরের ১৮ জানুয়ারি দীঘিনালা-বাবুছড়া সড়কের বেলছড়ি দেবানছড়ি বেইলি সেতু দিয়ে পাথরবোঝাই ট্রাক পার হওয়ার সময় সেতুটি ভেঙে পড়ে।সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সূত্রে জানা যায়, ১৯৮০ সালে পার্বত্য চট্টগ্রামের বিরাজমান পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে খাগড়াছড়ির আন্তজেলা ও অভ্যন্তরীণ নয়টি গুরুত্বপূর্ণ সড়কে বেইলি সেতু স্থাপন করা হয়।এসব সেতুর মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। তবু সওজ এসব সেতুর পাটাতনে ইলেক্ট্রিক ওয়েলডিংয়ের মাধ্যমে কোনো রকম জোড়াতালি দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখছে। জরাজীর্ণ অবস্থায়ও এসব সেতুর ওপর দিয়ে প্রতিদিন ধারণক্ষমতার বেশি মাল নিয়ে শত শত ট্রাক ও যানবাহন চলাচল করছে। এগুলোর ওপর দিয়ে সাত টনের বেশি মালামাল নিয়ে যানবাহন চলাচল না করার নির্দেশনা-সংবলিত সাইনবোর্ড টাঙানো হয়েছে।খাগড়াছড়ি ট্রাক-মিনিট্রাক মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কাশেম বলেন, খাগড়াছড়ি থেকে জালিয়াপাড়া পর্যন্ত এই সড়ক দিয়ে খাগড়াছড়ি-চট্টগ্রাম-ঢাকার পারস্পরিক যোগাযোগব্যবস্থা চালু আছে। এখানে আর কোনো বিকল্প সড়ক নেই। তিনি বলেন, পণ্য বোঝাই করে ট্রাক পাঠানোর পর কখন কোন সেতুতে ট্রাক আটকা পড়ল সেই চিন্তায় থাকেন তাঁরা। তিনি বলেন, অবিলম্বে এসব ঝুঁকিপূর্ণ অস্থায়ী সেতুকে স্থায়ী সেতুতে রূপান্তর করা প্রয়োজন। কয়েকজন চালক জানান, খাগড়াছড়ি থেকে জালিয়াপাড়া পর্যন্ত আলুটিলার দুটি, বাল্যছড়ির দুটি এবং সাপমারা, গুইমারা বাজার ও মহামুনির একটি করে সেতু অধিক ঝুঁকিপূর্ণ। এ ছাড়া অভ্যন্তরীণ সড়কের সেতুগুলোর অবস্থাও নাজুক। জানা গেছে, সওজ নয়টি অভ্যন্তরীণ সড়কের ৩৪টি বেইলি সেতুকে স্থায়ী সেতুতে উন্নীত করার জন্য ১৬০ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব পাঠিয়েছে। প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদ কার্যনির্বাহী কমিটির (একনেক) অনুমোদনের অপেক্ষায় রয়েছে।খাগড়াছড়ি সওজের নির্বাহী প্রকৌশলী আবদুর রশিদ বলেন, ৩৪টি অস্থায়ী সেতুকে স্থায়ী সেতুতে রূপান্তর করার জন্য আরসিসি সেতু নির্মাণে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে সেতুর সমস্যা লাঘব হবে।