খাগড়াছড়ির সাত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে যন্ত্রগুলো নষ্ট
এক্স-রে যন্ত্র ও যন্ত্র চালনার টেকনিশিয়ান নিয়োগ দেওয়া আছে। তবু রোগীরা সেবা পাচ্ছে না। জেলা সদর হাসপাতাল ছাড়া খাগড়াছড়ি জেলার সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ অবস্থা চলছে দীর্ঘদিন ধরে। উপজেলার রোগীরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা না পাওয়ায় রোগীরা জেলা সদর হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকগুলোতে ভিড় করছে।জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলা সদর হাসপাতালসহ সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে যন্ত্র রয়েছে। এগুলো চালনার জন্য লোকবলও নিয়োগ দেওয়া আছে। তবে জেলায় একমাত্র জেলা হাসপাতালের এক্স-রে যন্ত্র চালু আছে, বাকি সাত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে যন্ত্রগুলো অকেজো অবস্থায় পড়ে আছে।জেলা সিভিল সার্জন হাসান ইমাম চৌধুরী স্বীকার করেন, সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটিতেও এক্স-রে যন্ত্র চালু নেই। চালুর ব্যাপারে কারিগরি সমস্যা র চেয়ে বেশি সমস্যা হলো বিদ্যুতের লো-ভোল্টেজ। গত বছর ফেব্রুয়ারিতে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে যন্ত্রটি মোরামত করা হয়েছিল। মেরামতের কিছুদিন পর আবার নষ্ট হয়ে যায়। রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যন্ত্রটি মেরামত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু চালু করা সম্ভব হয়নি। বাকি হাসপাতালগুলোর এক্স-রে যন্ত্রগুলো অকেজো অবস্থায় আছে। ৭ এপ্রিল খাগড়াছড়ি জেলা হাসপাতালের বারান্দায় দেখা হয় দীঘিনালা উপজেলার বাবুছড়া এলাকার পঞ্চম শ্রেণীর ছাত্র জিতেন্দ্র চাকমার সঙ্গে। ক্লাসের ফাঁকে বাইসাইকেল চালনা শিখতে গিয়ে দুর্ঘটনায় ডান হাতে ব্যথা পেলে চিকিৎসক তাকে এক্স-রে করার জন্য পরামর্শ দেন। দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষার সুযোগ না থাকায় বাবার হাত ধরে খাগড়াছড়ি জেলা হাসপাতালে এসেছে। জিতেন্দ্র চাকমার বাবা জ্ঞান লাল চাকমা জানান, শুধু এক্স-রে করার জন্য তাঁদের ৪০ কিলোমিটার দূরে জেলা শহরে আসতে হয়েছে। এতে তাঁর অনেক টাকা খরচ হয়েছে।খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক সনজীব ত্রিপুরা বলেন, হাসপাতালে চারটি এক্স-রে যন্ত্র আছে, এর মধ্যে দুটি নষ্ট। বাকি দুটি মেরামত করে চালু করা সম্ভব। হাসপাতালের এক্স-রে টেকনিশিয়ান অনুকূল চন্দ্র পাণ্ডে জানান, প্রতিদিন গড়ে ১২-১৫টি এক্স-রে করান বলে জানান।জেলার পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে টেকনিশিয়ান সৌরভ চাকমা জানান, মেশিনটি চালু করতে হলে অবশ্যই ২২০ ভোল্ট বিদ্যুতের দরকার। পানছড়িতে ১৮০-১৯০ ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যায়। তাই এক্স-রে যন্ত্রটি কোনোভাবেই চালু করা সম্ভব হয় না। মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে যন্ত্রটি স্থাপন করার পর থেকে একবারও ব্যবহার করা হয়নি বলে জানান হাসপাতালের কর্মচারীরা।