খাগড়াছড়ির সাত উপজেলায় জরুরি প্রসূতিসেবা নেই
খাগড়াছড়ি সদর উপজেলা ছাড়া বাকি সাত উপজেলায় জরুরি প্রসূতিসেবা পাওয়ার কোনো ব্যবস্থা নেই। এতে অনুন্নত যোগাযোগ-ব্যবস্থার কারণে পিছিয়ে থাকা এ জেলার প্রত্যন্ত এলাকার প্রসূতিরা যথাযথ চিকিৎসাসেবার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। একই কারণে ব্যক্তিমালিকানাধীন ক্লিনিকগুলোয় চিকিৎসা করাতে গিয়ে স্থানীয় লোকজনের অতিরিক্ত টাকা ব্যয় করতে হচ্ছে। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল, মা ও শিশুকল্যাণ কেন্দ্র এবং পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি প্রসূতিসেবা দেওয়ার ব্যবস্থা ছিল। এর মধ্যে পানছড়ি কেন্দ্রটি বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে বন্ধ রয়েছে। খাগড়াছড়ি সদরে জরুরি প্রসূতিসেবার দুটি কেন্দ্র আছে। সদর হাসপাতালে শয্যা, ওষুধ-সংকট এবং খাগড়াছড়ি মা ও শিশুকল্যাণ কেন্দ্রে চিকিৎসক-সংকটে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। মাটিরাঙা, মানিকছড়ি, রামগড়, লক্ষ্মীছড়ি, মহালছড়ি ও দীঘিনালায় জরুরি প্রসূতিসেবার কোনো ব্যবস্থা নেই। সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০০৯ সালে সদর হাসপাতাল কেন্দ্রে এক হাজার ৩০ জন প্রসূতিকে সেবা দেওয়া হয়েছে। এর মধ্যে সাতজন মারা গেছেন। এ বছর গত চার মাসে ৩৫৮ জন প্রসূতিকে সেবা দেওয়া হয়েছে। এর মধ্যে একজন মারা গেছেন। সদর হাসপাতালের জরুরি প্রসূতিসেবা কেন্দ্রের বিশেষজ্ঞ চিকিৎসক জয়া চাকমা জানান, অনেক সীমাবদ্ধতার মধ্যে রোগীদের সেবা দেওয়া হয়। এ কেন্দ্রে মাত্র ১০টি শয্যা রয়েছে। এতে অনেক সময় রোগী বেশি থাকায় অস্ত্রোপচারের পর রোগীদের শয্যায় রাখতে সমস্যা হয়। এখানে চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয় না। খাগড়াছড়ির মা ও শিশুকল্যাণ কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা আশুতোষ চাকমা জানান, ২০০৯ সালে এ কেন্দ্রে ৪৪৪ জন প্রসূতির চিকিৎসা হয়েছে। এ সময় ২৩ জন নবজাতক মারা যায়। ২০১০ সালের গত চার মাসে ১৫৬ জন প্রসূতির চিকিৎসা দেওয়া হয়। তখন ১১ জন নবজাতক মারা যায়। এ কেন্দ্রে জনবলের অভাব রয়েছে। তিনিসহ চিকিৎসক মাত্র দুজন। উন্নত সেবার জন্য এখানে আরও চিকিৎসক নিয়োগ দেওয়া প্রয়োজন। স্থানীয় একটি উন্নয়ন সংস্থার কর্মী শুভাশীষ চাকমা জানান, খাগড়াছড়ি জেলার ভৌগোলিক অবস্থা অনুযায়ী জেলায় আরও অন্তত তিনটি জরুরি প্রসূতিসেবা কেন্দ্র চালু করা প্রয়োজন। উপজেলাগুলো হচ্ছে দীঘিনালা, মাটিরাঙা ও মানিকছড়ি। সিভিল সার্জন উদয়শংকর দেওয়ান বলেন, বিশেষজ্ঞ সার্জন নিয়োগ দিয়ে বন্ধ থাকা পানছড়ি উপজেলার জরুরি প্রসূতিসেবা কেন্দ্রের সেবা কার্যক্রম চালু করার ব্যাপারে চেষ্টা চালানো হচ্ছে। জেলার বিভিন্ন উপজেলায় নতুন করে জরুরি প্রসূতিসেবা কেন্দ্র চালুর আপাতত কোনো পরিকল্পনা নেই।