খাগড়াছড়ির ৬৬ বেইলি সেতু ঝুঁকিপূর্ণ, দুর্ঘটনার আশঙ্কা
খাগড়াছড়ি জেলায় সড়ক যোগাযোগের বেইলি সেতুগুলোতে যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। সেতুগুলোর ওপর দিয়ে যান চলাচলের উপযোগিতা সম্পর্কে প্রকৌশলীরাও নিশ্চয়তা দিতে পারছে না। খাগড়াছড়ি সড়ক বিভাগ সূত্রে জানা যায়, এ বিভাগের অধীনে জেলায় মোট নয়টি সড়ক রয়েছে। এর মধ্যে খাগড়াছড়ি-চট্টগ্রাম, খাগড়াছড়ি-ঢাকা ও খাগড়াছড়ি-রাঙামাটির মতো গুরুত্বপূর্ণ সড়কও রয়েছে। এসব সড়কে ৬৯টি ছোট-বড় বেইলি সেতু রয়েছে। সড়ক বিভাগের প্রকৌশলীরা ৬৯টি সেতুর মধ্যে একটি ভালো ও দুটি মোটামুটি চলনসই বলে জানিয়েছেন। বাকি ৬৬টি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।খাগড়াছড়ি সড়ক বিভাগ-১-এর উপবিভাগীয় প্রকৌশলী জ্যোতিষ গোস্বামী জানান, বেইলি সেতুগুলো গত শতকের আশির দশকে নির্মিত। সাধারণত একটি বেইলি সেতুর মেয়াদ ধরা হয় ১৫-২০ বছর। সে হিসাবে খাগড়াছড়ি জেলার বেইলি সেতুর বয়স ৩০ বছরের ওপরে। খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের বাস ড্রাইভার সুজিত ঘোষ জানান, প্রতিটি বেইলি সেতুর ওপর বাস উঠলে করকর শব্দ তৈরি হয়। অনেক যাত্রী ভয়ে আঁতকে ওঠে। তিনি আরও জানান, সেতুগুলো নাজুক হওয়ার পেছনে অতিরিক্ত ওজনের ট্রাক চলাচলই দায়ী।সেতুগুলোর বেহাল অবস্থা সম্পর্কে জানতে চাইলে খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রশিদ বলেন, সেতুগুলোর অবস্থা খারাপ। এ ব্যাপারে জানতে চাইলে তিনি ঈদের পর দেখা করার পরামর্শ দেন।সরেজমিনে দেখা যায়, খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের আলুটিলা এলাকার পাথরছড়ার সেতুটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পাটাতন আঁকাবাঁকা হয়ে আছে। কোনো কোনো অংশ ঝালাই দিয়ে মেরামত করা হয়েছে। ১৯টি নাটবল্টু খুলে পড়ে গেছে। খাগড়াছড়ি যানবাহন শ্রমিক ইউনিয়নে সদস্য আহম্মদ হোসেন বলেন, দুই মাস আগে শুধু খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে গুইমারা সেতুর পাটাতন খুলে পড়ে দুবার সড়ক যোগাযোগ বন্ধ ছিল। পরে সড়ক বিভাগের লোকজন গিয়ে সেতুটি ঠিক করে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।