বন বিভাগের আপত্তির কারণে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ৬১টি মৌজার খাজনা আদায় বন্ধ রয়েছে। এতে নামজারি বন্ধ থাকায় মালিকেরা বৈধভাবে জমি বিক্রি করতে পারছেন না। পাশাপাশি এই জমি সরকার যেকোনো সময় নিয়ে যাবে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেছেন।
উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, এই উপজেলায় ৬১টি মৌজার এক লাখ ছয় হাজার একর জমির খাজনা আদায় বন্ধ রয়েছে। এর মধ্যে ৪০ হাজার একর ব্যক্তিমালিকানাধীন। বাকি জমি বন বিভাগ ও সরকারের।
স্থানীয় সূত্রে জানা গেছে, খাজনা আদায় ও নামজারি বন্ধ থাকায় বৈধ পথে জমি বিক্রি করতে না পেরে বাধ্য হয়েই মালিকেরা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে জমি বিক্রি করছেন। এতে সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। সরকার যাতে খাজনা নিতে পারে, সে জন্য সখীপুরবাসী মিছিল, সমাবেশ, হরতাল, অবরোধ, ঢাকায় অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। ২০১২ সালের ১৯ মার্চ তৎকালীন ভূমিমন্ত্রী রেজাউল করিম নিজে এসে অনশনকারীদের খাজনা নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শরবত খাইয়ে অনশন ভাঙান। মন্ত্রীর কথায় আস্থা রেখে ভূমিমালিকেরা আন্দোলন বন্ধ করে দেন। কিন্তু আজও খাজনা আদায় শুরু হয়নি।
স্থানীয় ভূমি অফিস সূত্রে জানা যায়, ১৯৭৬ সাল থেকে সখীপুর উপজেলার ১৪টি মৌজায় আরএস জরিপ শুরু হয়। ১৯৮৩ সাল থেকে ভূমিমালিকেরা আরএস রেকর্ডের নকশা ও পরচা পান। ১৯৮৭ সালে প্রথমে আটটি মৌজার গেজেট প্রকাশিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে ১৯৯৮ সালের ১৩ সেপ্টেম্বর খাজনা আদায়সহ সংশ্লিষ্ট বিভিন্ন কাজ করার জন্য স্থানীয় ভূমি কার্যালয়ে আটটি মৌজার ভলিয়ম পাঠানো হয়। কিন্তু তিন মাস পর ১৭ ডিসেম্বর বন বিভাগ এসব মৌজায় নিজেদের জমি আছে দাবি করে ওই জরিপের বিরুদ্ধে আপত্তি দাখিল করলে স্থানীয় ভূমি কার্যালয় খাজনা নেওয়া স্থগিত করে। বন বিভাগের একই ধরনের আপত্তির কারণে ২০০৬ সাল থেকে উল্লিখিত ১৪ মৌজাসহ উপজেলার ৬১টি মৌজার খাজনা আদায় ও নামজারি-প্রক্রিয়াও বন্ধ করে দেওয়া হয়। এর মধ্যে ১৬ বছর ধরে ১৪টি ও আট বছর ধরে ৪৭টি মৌজায় খাজনা আদায় বন্ধ রয়েছে।
উপজেলার হাতিবান্ধা মৌজার মুন্সী আলীমুদ্দিন বলেন, ‘এসএ রেকর্ড আমাদের বাপ-দাদার নামে। বসবাস ও চাষাবাদও করছি আমরা। অথচ জমির খাজনা দিতে পারছি না।’ প্রতিমাবংকী মৌজার আবুল কাশেম শিকদার বলেন, ‘টাকার প্রয়োজন হওয়ায় ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে কম দামে জমি বিক্রি করতে বাধ্য হচ্ছি।’
সখীপুরের সহকারী কমিশনার (ভূমি) শাহজাহান আলী বলেন, ‘একই দাগের জমি সরকার, জনসাধারণ ও বন বিভাগের নামে রেকর্ড হয়েছে। জমির পরিমাণ ও পৃথক সীমানা চিহ্নিত না থাকায় মালিকানা নিয়ে জটিলতা রয়েছে। ফলে নামজারি ও খাজনা আদায়-প্রক্রিয়াও হালনাগাদ করা সম্ভব হচ্ছে না। তবে খাজনা নেওয়ার আদেশ পেলে অবশ্যই নেওয়া হবে।’
টাঙ্গাইল বিভাগীয় সহকারী বন সংরক্ষক (দক্ষিণ) শ্যামল কর্মকার প্রথম আলোকে বলেন, ‘এটি দীর্ঘদিনের জটিলতা। বিষয়টি সমাধানে বৈঠক চলছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু নাসের বেগ বলেন, ‘জটিলতা নিরসনে আলোচনা চলছে। ইতিমধ্যে বন বিভাগ, ভূমি প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে একটি বৈঠকও হয়েছে। শিগগিরই যাতে ভূমিমালিকেরা তাঁদের মালিকানাধীন জমি বৈধ নিয়মে বেচাকেনা করতে পারেন, সে বিষয়টিও আমরা দেখছি।’
স্থানীয় সাংসদ অনুপম শাহজাহান বলেন, ‘বিষয়টি ইতিমধ্যে আমি সংসদে তুলেছি। আশা করি, দ্রুত এ সমস্যার সমাধান করা সম্ভব হবে।’