খাজনা নিয়ে ইজারাদার ও মাংস ব্যবসায়ীদের দ্বন্দ্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র এক বছর আগেও রাজধানীতে প্রতি কেজি গরুর মাংস কেনা যেত ৪০০ টাকায়। বছর ঘুরতে না-ঘুরতেই এর দাম ৫০০ টাকা ছুঁই-ছুঁই করছে। এক বছরে দাম বেড়েছে প্রায় ১০০ টাকা। এ জন্য পরস্পরকে দায়ী করছে মাংস ব্যবসায়ী সমিতি ও গাবতলী পশুর হাট ইজারাদার কর্তৃপক্ষ।
ঢাকা মহানগর মাংস বিক্রেতা সমিতির অভিযোগ, আট মাস ধরে মাংস ব্যবসায়ীদের কাছ থেকে নির্ধারিত খাজনার চেয়ে বেশি অর্থ আদায় করছেন গাবতলী পশুর হাটের ইজারাদার। প্রতিটি গরুর জন্য বাড়তি দুই থেকে পাঁচ হাজার টাকা গুনতে হচ্ছে তাঁদের। তাই মাংসের দাম বাড়ানো ছাড়া উপায় নেই ব্যবসায়ীদের।
ইজারাদারদের পাল্টা অভিযোগ, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মাংস ব্যবসায়ীদের গরুপ্রতি ৫০ টাকা, মহিষের জন্য ৭০ টাকা ও ছাগলের জন্য ১৫ টাকা করে খাজনা দিতে হয়। সাধারণ ক্রেতাদের জন্য খাজনা পশুর দামের শতকরা সাড়ে ৩ টাকা। এই সুযোগের অপব্যবহার করে মাংস ব্যবসায়ীরা হাট থেকে পশু কিনে হাটের বাইরে ক্রেতাদের কাছে সরবরাহ করে খাজনার টাকা থেকে কমিশন নিচ্ছেন। এতে ক্ষতি হচ্ছে ইজারাদারের।
মাংস ব্যবসায়ীদের অভিযোগ, সীমান্ত থেকে গাবতলী পর্যন্ত একটি গরু আনতে পথে পথে চাঁদা দিতে হয়। পরে গাবতলীতে আদায় করা হয় অতিরিক্ত খাজনা। এতেই মাংসের দাম দিনে দিনে বাড়ছে। এভাবে অর্থ আদায় ও চাঁদাবাজি বন্ধ হলে বর্তমান মূল্যের চেয়ে আরও কম টাকায় মাংস বিক্রি করা সম্ভব হবে।
ঢাকা মহানগর মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম বলেন, এখন রাজধানীর বেশির ভাগ দোকানে গরু জবাই কমে গেছে। দাম বাড়ায় ক্রেতাদের কাছে মাংসের চাহিদাও কমে গেছে। ট্যানারিগুলো চামড়া না নেওয়ায় চামড়ার দামও কমে গেছে। এ কারণে অনেক ব্যবসায়ী তাঁদের পেশা ছেড়ে দিয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, ঢাকায় তাঁদের সমিতির সদস্য সংখ্যা আট হাজারের বেশি। তিনি অভিযোগ করেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাউল ইসলাম ও প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলামের সঙ্গে যোগসাজশ করে ইজারাদারেরা অতিরিক্ত খাজনা আদায় করছেন।
ডিএনসিসির এই দুই ঊর্ধ্বতন কর্মকর্তার অপসারণসহ চার দফা দাবিতে গতকাল সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত ছয় দিনের ধর্মঘট ডেকেছে মাংস ব্যবসায়ী সমিতি। এর মধ্যে সমস্যার সমাধান না হলে সারা দেশে ধর্মঘট ডাকার হুমকি দেন তাঁরা। ধর্মঘটের কারণে গতকাল রাজধানীর বেশির ভাগ বাজার ও দোকানে গরু, মহিষ ও ছাগলের মাংস বিক্রি হয়নি।
গাবতলী পশুর হাটে চাহিদা ও আমদানি দুই–ই বেশি
গাবতলী পশুর হাটের ইজারাদার, গবাদিপশুর ব্যাপারী ও রাজধানীর বেশ কয়েকজন মাংস ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকায় প্রতিদিন গড়ে পাঁচ হাজার গরু-মহিষ ও দেড় হাজার ছাগল-ভেড়ার চাহিদা রয়েছে। এসব গরু-মহিষের সিংহভাগ সংগ্রহ করা হয় দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চলের জেলা ও ভারত থেকে। সংগ্রহের পর পশুর চালানের আবার বড় অংশ ঢাকার গাবতলী থেকে মাংস ব্যবসায়ীরা কিনে থাকেন। তাঁদের মাধ্যমেই রাজধানীর গরু-মহিষের মাংস চাহিদা মেটানো হয়। তাই গাবতলী পশুর হাটেই চাহিদার অধিকাংশ গরু-মহিষ বিক্রি হয়। প্রতি সপ্তাহের মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার এসব পশুর গাবতলীর হাটে বেচাকেনা বেড়ে যায়। ২০১৬ সালে এক বছরের জন্য প্রায় ১৪ কোটি টাকায় স্থায়ী এ পশুর হাট ইজারা নিয়েছেন লুৎফর রহমান।
জানা গেছে, এই পশুর হাটে অনেক ব্যাপারী বাকিতে মাংস ব্যবসায়ীদের কাছে গরু-মহিষ বিক্রি করেন। কুষ্টিয়ার ব্যাপারী মো. তৈয়ব বলেন, অনেকে গরু নিয়েও দাম পরিশোধ করেননি। এ হাটেই অনেক ব্যাপারী মাংস ব্যবসায়ীদের হাতে সর্বস্বান্ত হয়েছেন। অনেক অপ্রীতিকর ঘটনার তথ্যও রয়েছে।
মাংস ব্যবসায়ীদের তালিকা নেই
ঢাকা মহানগর মাংস ব্যবসায়ী সমিতির সদস্য কত, তা নিশ্চিত হওয়া যায়নি। সমিতির মহাসচিব রবিউল আলম এ সংখ্যা প্রায় আট হাজার বললেও ব্যবসায়ীদের কোনো তালিকা ডিএনসিসি কর্তৃপক্ষের কাছে নেই। আর এই তালিকা না পেলে সরকার-নির্ধারিত খাজনায় গবাদিপশু বিক্রি করা যাবে না বলে জানান গাবতলী পশুর হাটের পরিচালনা কমিটির সদস্য সানোয়ার হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘গত ১৮ জানুয়ারি ডিএনসিসি, মাংস ব্যবসায়ীদের সঙ্গে আমাদের বৈঠকে সিদ্ধান্ত হয়, ব্যবসায়ীদের নিজস্ব দোকানেই মাংস ঝুলিয়ে বিক্রি করতে হবে। অন্য কোথাও বিক্রি করা যাবে না। ডিএনসিসির ট্রেড লাইসেন্স যাদের কাছে আছে, তাদের কাছেই নির্ধারিত হারে খাজনা নেওয়া হবে। আমরা আইনের বাইরে যাব না।’
এ বিষয়ে রবিউল আলম বলেন, ‘আমি কোথায় মাংস বিক্রি করব, সেই কৈফিয়ত ইজারাদারকে কেন দেব? তা ছাড়া সিটি করপোরেশনের ইজারার শর্তে কোথাও ট্রেড লাইসেন্সের শর্ত দেওয়া হয়নি। কোরবানির ঈদের সময় স্থায়ী এ হাটে সাড়ে তিন টাকার বদলে শতকরা পাঁচ টাকা হারে গরুর খাজনা আদায় করেন কেন তাঁরা?’
ব্যবসায়ীদের তালিকা করবে ডিএনসিসি
ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘প্রকৃত মাংস ব্যবসায়ীদের তালিকা দিতে ইজারাদার ও মাংস ব্যবসায়ীদের বলেছি। তারা তালিকা দিলে যাচাই করা হবে। আর না দিলে আমাদের স্বাস্থ্য বিভাগের মাধ্যমে ১৫ দিনের মধ্যে এই তালিকা করব।’