খাজনা নেওয়ার দাবিতে সখীপুরে মানববন্ধন সমাবেশ
টাঙ্গাইলের সখীপুর উপজেলার ১৪টি মৌজার খাজনা নেওয়ার দাবিতে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।জানা গেছে, খাজনা আদায় বাস্তবায়ন কমিটির আয়োজনে বেলা ১১টার দিকে উপজেলার তালতলা চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ১৪টি মৌজার কয়েক হাজার ভূমি মালিকসহ স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।সমাবেশে সভাপতিত্ব করেন খাজনা আদায় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জুলফিকার হায়দার কামাল। বক্তব্য দেন সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, পৌরসভার চেয়ারম্যান আবু হানিফ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুবউদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, তাঁদের দাবি না মানলে হরতাল, অবরোধসহ কঠোর কর্মসূচি দিয়ে উপজেলার সব ধরনের কার্যক্রম অচল করে দেওয়া হবে।এ ব্যাপারে সখীপুর সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ১৪ মৌজার সমস্যা সম্পর্কে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। ১৯৭৬-৮৫ সালে দেশের অন্যান্য এলাকার সঙ্গে উপজেলার ১৪টি মৌজায় আরএস জরিপ সম্পন্ন হয়। এরপর থেকেই ভূমি মালিকদের বরাবর নকশা ও পর্চা দেওয়া হয়েছে। ১৪ মৌজার মধ্যে প্রথমে আটটি মৌজার ভলিউম স্থানীয় ভূমি অফিসে আসে এবং খাজনা আদায়ের জন্য নির্দেশও আসে। ওই সময় (১৯৯৮) বন বিভাগ তাদের কিছু জমি ওই রেকর্ডে অন্তর্ভুক্ত হয়েছে দাবি করে বন বিভাগ আপত্তি দিলে স্থানীয় ভূমি অফিস খাজনা (ভূমি উন্নয়ন কর) নেওয়া বন্ধ করে দেয়। এরপর থেকে এক যুগ পার হলেও আর খাজনা নেওয়া হয়নি। ১৪ মৌজার খাজনা আদায় না হওয়ায় সরকার প্রতিবছর কয়েক কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে, ভূমির মালিকেরা তাঁদের জমি বিক্রি করতে পারছেন না। এমনকি নিজেদের জমির বিপরীতে তাঁরা কোনো ব্যাংকঋণও নিতে পারছেন না।