খাজনার চেয়ে বাজনা বেশি
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় কৃষিজমির দামের চেয়ে নিবন্ধন খরচ বেশি। এ কারণে অনেকে জমি কিনতে আগ্রহী হন না। আবার জমি কিনলেও খরচ এড়াতে অনেকে তা নিবন্ধন করান না। এতে ক্রেতা-বিক্রেতারা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি সরকারও রাজস্ব হারাচ্ছে।
নিকলী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কারার বুরহান উদ্দিন বলেন, সম্প্রতি তিনি সদর ইউনিয়ন মৌজার বরুলিয়া হাওরে প্রতি একর ৬৫ হাজার টাকা দরে দুই একর ৭৫ শতাংশ জমি কিনেছেন এক লাখ ৭৮ হাজার টাকায়। সেই জমি নিবন্ধন করাতে তাঁর খরচ হয়েছে চার লাখ ৩০ হাজার টাকা; যা জমির দামের দ্বিগুণেরও বেশি।
নিকলী সাব-রেজিস্ট্রারের কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় জমি নিবন্ধনের খরচ জমির একরপ্রতি গড় দামের চেয়ে ৩০ থেকে ৪০ হাজার টাকা বেশি। উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোর্শেদ উদ্দিন বলেন, সাব-রেজিস্ট্রারের কার্যালয় জারুইতলা মৌজার এক একর (১০০ শতাংশ) জমির গড় দাম নির্ধারণ করেছে ৮৯ লাখ ৩৩ হাজার ৮০০ টাকা। অথচ ওই এলাকায় এক একর জমির বাজারদর নয় লাখ থেকে ১০ লাখ টাকা। কুর্শা মৌজার এক একর জমির গড় দাম সাব-রেজিস্ট্রারের কার্যালয় নির্ধারণ করেছে ২৩ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা। অথচ সেখানে এক একরের বাজারদর সাত লাখ থেকে আট লাখ টাকা। উপজেলার সাতটি ইউনিয়নেরই সবগুলো মৌজায় জমির সরকার-নির্ধারিত গড় দাম বাজারদরের চেয়ে সাত-আট গুণ বেশি। তাই ওই সব এলাকার অনেকে জমি বেচাকেনা করলেও অতিরিক্ত খরচের ভয়ে তা নিবন্ধন করাতে চান না। এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
সিংপুর ইউনিয়নের টেংগুরিয়া গ্রামের জয়নাল মিয়া জানান, ৫ জুন নিজ গ্রামে তিনি এক লাখ ৮০ হাজার টাকায় ১২ শতাংশ জমি কিনেছেন। ওই জমি নিবন্ধনে তাঁর প্রায় ২৫ হাজার টাকা লেগেছে। তিনি বলেন, ‘নিবন্ধন খরচ এত বেশি জানলে বাড়িই কিনতাম না।’ সাব-রেজিস্ট্রারের কার্যালয় সূত্র জানায়, সরকারি নিয়ম অনুযায়ী প্রতিবছর এলাকার বিক্রি হওয়া জমির মোট দামের গড় করে পরবর্তী বছরের জমির দাম নির্ধারণ করা হয়। কোনো কোনো ক্ষেত্রে ক্রেতারা সাধারণ অগ্রক্রয়াধিকার মামলা (প্রি-এমশন কেইস) এড়াতে প্রকৃত দামের চেয়ে কয়েক গুণ বেশি দেখিয়ে জমি নিবন্ধন করান। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ জমির দাম কাগজপত্রে কয়েক গুণ বেড়ে যাওয়ার এটি অন্যতম কারণ। এতে নিবন্ধন খরচও পড়ে বেশি।
সাব-রেজিস্ট্রার আনোয়রুল হাছান বলেন, নিকলীতে যোগাযোগব্যবস্থা উন্নত হওয়ায় এখানকার গুরুত্বপূর্ণ কিছু এলাকার জমির দাম বেড়ে গেছে। কিন্তু কম গুরুত্বপূর্ণ জমির দাম তেমন বাড়েনি। জমিজমা কেনাবেচায় এর নেতিবাচক প্রভাব পড়েছে।