খাজাকে নিয়ে নাসির-সাব্বিরের ঈদের নামাজ

বৃষ্টি পিছু ছাড়ছে না চট্টগ্রামের। সকাল থেকে টিপ টিপ ঝরছে। এর মধ্যে বিভিন্ন মসজিদ থেকে ভেসে আসছে ঈদের নামাজে যোগ দেওয়ার আহ্বান। বৃষ্টি মাথায় পায়জামা, পাঞ্জাবি ও টুপি পরে ছুটছে বড়-ছোট সবাই। ঈদের নামাজ আদায়ের এই মিছিলে ছিলেন টিম বাংলাদেশের কয়েকজনও।
সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে চট্টগ্রামে পা রাখা দলের তিন সদস্য আজ শনিবার সকালে ঈদের নামাজ আদায় করেছেন নগরের দামপাড়ার পুলিশ লাইন মসজিদে। মমিনুল, নাসির ও সাব্বির নতুন পাঞ্জাবি পরে নামাজ পড়েন। নামাজ শেষে দোয়াও চাইলেন তাঁরা। তাঁদের সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়া দলের একমাত্র মুসলিম ক্রিকেটার উসমান খাজাও।
সকাল আটটায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ক্রিকেটাররা মসজিদে যান। নামাজ শেষে আবার সামনে-পেছনে পুলিশ পাহারায় হোটেল র্যাডিসন বে ভিউতে ফেরেন। এর আগে পরস্পরের সঙ্গে শুভেচ্ছাও বিনিময় করেন তাঁরা। দেশবাসীর কাছে দোয়া চান নাসির ও সাব্বির।
‘সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য।’—বললেন দুই ক্রিকেটার। সোমবার থেকে শুরু হওয়া দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য তাঁদের এই চাওয়া।
নামাজ শেষে বৃষ্টির মাত্রাটা বেড়ে যায়। এর মধ্যে বেলা একটায় তাঁদের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের কথা রয়েছে। একই ভেন্যুতে পরে অজিদেরও অনুশীলন করার কথা। তবে সব নির্ভর করছে বৃষ্টির ওপর।

ঈদের দিনে বিশেষ খাওয়াদাওয়ার একটা ব্যাপার রয়েছে। প্রিয়জনদের কাছ থেকে দূরে ঈদ কাটাতে হচ্ছে তাদের। বাড়িতে হলে নানা খাওয়াদাওয়ার বিষয় থাকত। পাড়া, প্রতিবেশী, আত্মীয়স্বজনদের বাড়িতে দাওয়াত—সবকিছুই হতো। তবে এখানেও যে এর ব্যতিক্রম, তা নয়।
দলের সদস্যরা ঈদের দাওয়াত পেয়েছেন সহ–অধিনায়ক তামিম ইকবালের বাড়িতে। কাজীর দেউড়ির বিখ্যাত খানবাড়িতে তাঁরা কখন যাচ্ছেন, তা জানা যায়নি। তামিমের চাচা বিসিবি কর্মকর্তা আকরাম খান বলেন, ‘সব ক্রিকেটার তো আসেনি। বাসায় আসার কথা রয়েছে। আবার তাদের অনুশীলনও রয়েছে। তাই বলা যাচ্ছে না। হয়তো খাবার হোটেলে পাঠিয়ে দেওয়া হবে।’