খাটে পড়ে ছিল নববধূর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় নববধূর লাশ খাটের ওপর পড়ে ছিল। বুধবার দুপুরে উপজেলার দেউঘর ইউনিয়নের আলীনগর গ্রামের উত্তরপাড়া থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

লাশ উদ্ধার হওয়া ওই নববধূর নাম চায়না বেগম (১৬)। চায়না আলীনগর উত্তরপাড়া গ্রামের আক্কাস আলী ও সাহেরা বেগম দম্পতির মেয়ে।

চায়নার পরিবার জানায়, ৮ জুলাই একই গ্রামের মধ্যপাড়ার সমির উদ্দিনের ছেলে ফায়েজ মিয়ার সঙ্গে চায়নার বিয়ে হয়। বিয়ে হলেও চায়নাকে স্বামীর বাড়ি নেওয়া হয়নি। ঈদুল আজহার পর ঘটা করে আয়োজনের মাধ্যমে চায়নাকে শ্বশুরবাড়িতে নেওয়ার কথা ছিল। ফায়েজ পেশায় কৃষিজীবী। স্ত্রীকে নিজ বাড়িতে না নিলেও প্রায়ই শ্বশুরবাড়িতে রাত যাপন করতেন তিনি। মঙ্গলবার রাতে শ্বশুরবাড়িতে এসে স্ত্রীর সঙ্গে ঘুমান। বুধবার ভোরবেলায় ঘুম থেকে উঠে ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় শাশুড়ির সঙ্গে দেখা হয় ফায়েজের। তখন শাশুড়িকে ফায়েজ বলেন, ‘চায়না ঘুমাচ্ছে, আমার কাজ আছে, এই জন্য চলে যাচ্ছি।’ যাওয়ার সময় ফায়েজ দরজায় তালা দিয়ে যান। তালার চাবি তুলে দেন শাশুড়ির হাতে। সকাল ১০টা বেজে গেলেও চায়না ঘুম থেকে উঠছিলেন না। তখন চায়নার মা দরজা খুলে ভেতরে গিয়ে দেখেন খাটে ওপর মেয়ের নিথর দেহ পড়ে আছে। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।


সাহেরা বেগম অভিযোগ করেন, ‘আমার মেয়েকে হত্যা করেছে ফায়েজ। বিয়ের পর থেকে আমার মেয়ের সঙ্গে ফায়েজ ভালো আচরণ করেনি।’

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা বলেন, চায়নার গলায় দাগ পাওয়া গেছে। শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।