খাতওয়ারি ব্যয়ের তথ্য জেলা কার্যালয়ে নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিদরিদ্রদের কর্মসংস্থানের জন্য পটুয়াখালীর আট উপজেলায় ২০১২-১৩ অর্থবছরে ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচি ও নন-ওয়েজ কস্ট প্রকল্পে দুই দফায় প্রায় ৩৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে এই বরাদ্দের টাকা উপজেলাগুলোতে কীভাবে ও কোন খাতে ব্যয় করা হয়েছে—সে তথ্য জেলা ত্রাণ ও পূনর্বাসন কার্যালয়ে নেই।
দুই প্রকল্পের বরাদ্দের অর্থ উপজেলাগুলোতে কোন কোন খাতে ব্যয় করা হয়েছে, তার তালিকা ও কাজের অগ্রগতির তথ্য চেয়ে গত ২৬ আগস্ট সংশ্লিষ্ট দপ্তর জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের কর্মকর্তার বরাবর তথ্য অধিকার আইনে আবেদন করা হয়।
১৮ সেপ্টেম্বর সংশ্লিষ্ট কার্যালয় থেকে ওই দুই প্রকল্পে বরাদ্দ দেওয়া অর্থের পরিমাণ ও বাস্তবায়ন করা প্রকল্পের কাজের অগ্রগতির তথ্য সরবরাহ করা হলেও কোন কোন খাতে কী পরিমাণ টাকা ব্যয় করা হয়েছে, তার তালিকা সরবরাহ করা হয়নি। তবে এই তালিকা সংশ্লিষ্ট উপজেলা থেকে সংগ্রহ করতে এক চিঠির মাধ্যমে ওই কার্যালয় থেকে অনুরোধ জানানো হয়।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্য অনুসারে, ২০১২-১৩ অর্থবছরে অতিদরিদ্রদের কর্মসংস্থানের জন্য জেলায় দুটি প্রকল্পে মোট ৩৪ কোটি ৭৯ লাখ ২৭ হাজার ৫৪৪ টাকা বরাদ্দ দেওয়া হয়।
গত বছরের সেপ্টেম্বর ও চলতি বছরের মার্চে দুই দফায় এই বরাদ্দের অর্থ আসে। এর মধ্যে ৪০ দিনের কর্মসূচি প্রকল্পে ৩১ কোটি ২৭ লাখ ৩২ হাজার টাকা ও নন-ওয়েজ কস্ট প্রকল্পে তিন কোটি ৫১ লাখ ৯৫ হাজার ৫৪৪ টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে বাউফল উপজেলায় ৪০ দিনে কর্মসূচি প্রকল্পে দুই দফায় পাঁচ কোটি ছয় লাখ ৮৭ হাজার টাকা এবং নন-ওয়েজ কস্ট প্রকল্পে দুই দফায় ৫৭ লাখ চার হাজার ৬৮৫ টাকা বরাদ্দের হিসাব দেওয়া হয়। কাজের অগ্রগতি দেখানো হয়েছে শতভাগ।
বাউফল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, দুই প্রকল্পের অর্থ কোন কোন খাতে ব্যয় করা হয়েছে—সরাসরি এই তথ্য পেতে হলে হুইপের (স্থানীয় সাংসদ আ স ম ফিরোজ) অনুমতি নিয়ে আসতে হবে। অন্যথায় তথ্য দেওয়া সম্ভব নয় বলে জানান তিনি।
এ প্রসঙ্গে আ স ম ফিরোজ বলেন, ‘আমার নাম কেন বলবে? উপজেলা প্রশাসন থেকে ওই কাজের তদারকি করা হয় এবং তথ্যও তারাই সরবরাহ করবে।’
দশমিনা উপজেলায় দুই দফায় ৪০ দিনের কর্মসূচি প্রকল্পে দুই কোটি ২২ লাখ ২১ হাজার এবং নন-ওয়েজ কস্ট প্রকল্পে ৩৬ লাখ ২৫ হাজার ৬০৬ টাকা বরাদ্দ দেওয়া হয়। দুই প্রকল্পের অর্থ কোন কোন খাতে ব্যয় করা হয়েছে—এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহাদী হোসেন বলেন, ‘তালিকা পেতে হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়ে আসতে হবে। আপনি পরে যোগাযোগ করুন।’
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শান্তি রঞ্জন বৈদ্য বলেন, গত ৩০ জুন প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে। তবে প্রকল্প বাস্তবায়নের পর উপজেলা থেকে খাতওয়ারি ব্যয়ের তালিকা তাদের দেওয়া হয়নি। উপজেলাগুলো থেকে প্রকল্পের কাজ প্রায় শতভাগ শেষ হয়েছে বলে তাঁকে জানানো হয়েছে।