খাতা খুঁজে না পাওয়ায় ফল প্রকাশে বিপত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের ২০০৯ সালের মাস্টার্স (সাধারণ গ্রুপ) পরীক্ষার একটি কোর্সের খাতা খুঁজে না পাওয়ায় ওই পরীক্ষার ফল প্রকাশে বিপত্তি দেখা দিয়েছে। আর এ কারণে ওই পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে। ফোকলোর বিভাগ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, প্রায় সাত মাস আগে ওই পরীক্ষা শেষ হয়। সম্প্রতি পরীক্ষা কমিটি চারটি কোর্সের পরীক্ষার খাতা (উত্তরপত্র) পুনর্মূল্যায়নের জন্য তৃতীয় পরীক্ষকের কাছে পাঠাতে গিয়ে দেখতে পায়, ৫০৫ নম্বর কোর্সের খাতার প্যাকেট বিভাগীয় অফিসে নেই। কোর্সটির খাতার প্যাকেট খুঁজে না পাওয়ায় তা গতকাল পর্যন্ত তৃতীয় পরীক্ষকের কাছে পাঠানো সম্ভব হয়নি। আর এ কারণে ওই পরীক্ষার ফল প্রকাশে বিপত্তি দেখা দিয়েছে। ওই পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক সাইফুদ্দীন চৌধুরী বলেন, বিভাগীয় অফিস থেকে তিনি জানতে পারেন, ৫০৫ নম্বর কোর্সের দ্বিতীয় পরীক্ষক ওই কোর্সের নম্বরপত্র জমা দিলেও উত্তরপত্র জমা দেননি। এমনকি অফিসের রেজিস্টার খাতায়ও পরীক্ষার খাতা জমা দেওয়ার কোনো রেকর্ড নেই। এ পরিস্থিতিতে পরীক্ষা কমিটি ওই পরীক্ষার ফলাফল তৈরি বন্ধ রেখেছে। বিষয়টি তিনি উপাচার্য এম আবদুস সোবহানকে লিখিতভাবে জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা পাওয়ার পরেই এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কোর্সের দ্বিতীয় পরীক্ষক মোস্তফা তারিকুল আহসান বলেন, তিনি বিভাগীয় অফিসে ওই উত্তরপত্রের প্যাকেট জমা দিয়েছেন, কিন্তু অফিস সেটি তালিকাভুক্ত করেনি। ওই পরীক্ষায় অংশ নেওয়া একাধিক পরীক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিষয়টি জানার পর থেকেই তাঁরা চরম দুশ্চিন্তার মধ্যে পড়েছেন। তাঁরা অবিলম্বে সমস্যা সমাধানের দাবি জানান। উপাচার্য এম আবদুস সোবহান বলেন, দ্রুত একটি একাডেমিক কাউন্সিল আহ্বান করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।