খাতা জালিয়াতির দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাকার বিনিময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি পরীক্ষার খাতায় বেশি নম্বর দেওয়া বা টাকা না দিলে ফেল করিয়ে দেওয়ার ফাঁদ পেতে অবশেষে নিজেই ভ্রাম্যমাণ আদালতে ধরা পড়েছেন রাজশাহীর মোহনপুর মহিলা ডিগ্রি কলেজের একজন শিক্ষক। আদালত তাঁর দুই বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিক্ষকের শ্যালিকাকেও একই দণ্ড দেওয়া হয়েছে।
ওই শিক্ষকের নাম আবুল কালাম আজাদ। তাঁর বাড়ি নওগাঁর মান্দা উপজেলায়। তিনি রাজশাহী নগরের কাজীহাটা এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকেন। তাঁর শ্যালিকার নাম লাইলি খাতুন। তাঁর বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলায়। তিনি রাজশাহী কলেজ থেকে দর্শন বিভাগে মাস্টার্স পাস করেছেন। বর্তমানে দুলাভাইয়ের বাসাতেই থাকেন।
রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর কবীর জানান, যশোর এমএম কলেজের ইসলামের ইতিহাস বিভাগের দ্বিতীয় বষের্র শিক্ষার্থী বাদশা আলমগীর ও আসাদুজ্জামান মিয়ার ইংরেজি আবশ্যিক পরীক্ষার খাতা পেয়েছেন আবুল কালাম আজাদ।
খাতায় দুই পরীক্ষার্থীর উত্তরপত্রে জীবনবৃত্তান্ত লেখার জায়গায় নিজেদের মুঠোফোন নম্বর লেখা ছিল। শিক্ষক আবুল কালাম আজাদ তাঁর শ্যালিকা লাইলি খাতুনকে দিয়ে দুই পরীক্ষার্থীকে ফোন করান। ফোনে ভালো নম্বর দেওয়ার বিনিময়ে ৩০ হাজার টাকা দাবি করা হয়। দুই শিক্ষার্থীই জানান, তাঁরা ভালো পরীক্ষা দিয়েছেন। তাঁদের নম্বর বাড়িয়ে দিতে হবে না। তখন লাইলি খাতুন তাঁদের জানিয়েছেন, টাকা না দিলে তাঁদের ফেল করিয়ে দেওয়া হবে। দিশেহারা হয়ে দুই শিক্ষার্থী যশোরের জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করেন। যশোরের জেলা প্রশাসক বিষয়টি রাজশাহীর জেলা প্রশাসককে জানান। জেলা প্রশাসনের পক্ষ থেকে দুই শিক্ষার্থীকে রাজশাহীতে আসতে বলা হয়।
পরিকল্পনা অনুযায়ী গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাঁদের টাকা নিয়ে লাইলি খাতুনের নির্দেশনা মোতাবেক নগরের পদ্মা ক্লিনিকের সামনে আসতে বলা হয়। সেখানে গেলে লাইলি খাতুন তাঁদের কাজিহাটা মসজিদের গলির বাসভবনে যেতে বলেন। দুই শিক্ষার্থী ওই বাসায় যান। টাকা লেনদেনের পর ইচ্ছেমতো লিখে নেওয়ার জন্য তাঁদের দুইজনকে খাতা বের করে দেওয়া হয়। এ সময় ম্যাজিস্ট্রেট গিয়ে তাঁদের হাতেনাতে ধরে ফেলেন।