খাতা পুনর্মূল্যায়নে জিপিএ-৫ পেল আরও ১৭ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের মাধ্যমে পাবনার বেড়া উপজেলার ২৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তিত হয়েছে। এর মধ্যে ১৭ জন জিপিএ-৫ পেয়েছে। বাকি শিক্ষার্থীরা আগের চেয়ে উচ্চতর গ্রেড অর্জন করেছে। নতুন করে ১৭ জন জিপিএ-৫ পাওয়ায় উপজেলায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০৫ জনে। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশের পর বেড়া উপজেলার ৫৪ জন শিক্ষার্থীর অভিভাবক বিভিন্ন বিষয়ের খাতা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় আবেদনকারীদের খাতাগুলো পুনর্নিরীক্ষণের উদ্যোগ নেয়। এতে ২৯ জন শিক্ষার্থীর আবেদন করা বিষয়ে আগের চেয়ে বেশি নম্বর পাওয়ায় তারা উচ্চতর গ্রেড অর্জন করে। উচ্চতর গ্রেড অর্জনে আরও ১৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পায়। এদের মধ্যে আটজন ছেলে ও নয়জন মেয়ে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কাইয়ুম বলেন, ‘বিধি অনুযায়ী অভিভাবকেরা খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে জেলা শিক্ষা কার্যালয়ের উত্তরপত্র পুনর্নিরীক্ষণ কমিটি আবেদন করা খাতাগুলো আবার নিরীক্ষা করায় ২৯ জনের ফল পরিবর্তিত হয়েছে।’