খাতা পুনর্মূল্যায়নে জিপিএ-৫ পেল ২৩ জন
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় খাতা পুনর্মূল্যায়নের মাধ্যমে পাবনার বেড়া উপজেলার ৩০ জন শিক্ষার্থীর মধ্যে ২৩ জন জিপিএ-৫ পেয়েছে। অন্য সাতজন আগের চেয়ে উচ্চতর গ্রেড অর্জন করেছে।পুনর্মূল্যায়নের মাধ্যমে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ১৬ জন আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজের এবং বাকিরা সাত উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের। নতুন করে ২৩ জনের জিপি-৫ পাওয়ায় উপজেলায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩৫ জনে। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশের পর বেড়া উপজেলার ৪৮ জন শিক্ষার্থীর অভিভাবক বিভিন্ন বিষয়ের খাতা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেন। আবেদনকারীদের বেশির ভাগই সাধারণ বিজ্ঞান বিষয়ের খাতা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছিলেন। এ ছাড়া বাংলা, ইংরেজি ও ধর্ম বিষয়েও কয়েকজন আবেদন করেন।খাতা পুনর্মূল্যায়নের মাধ্যমে জিপিএ-৫ পায় আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজের তানভির আহমেদ। তার বাবা নফিজ উদ্দিন বলেন, ‘ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও আমার ছেলেসহ অনেক শিক্ষার্থী সঠিক ফল থেকে বঞ্চিত হয়েছিল। ফল প্রকাশের পর থেকে বাচ্চাগুলো কান্নাকাটি করে আসছিল।’বেড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কাইয়ুম বলেন, ‘বিধি অনুযায়ী খাতাগুলো পুনরায় নিরীক্ষা করা হয়েছে। এতে ৩০ জনের ফল পরবির্তিত হয়েছে।’