খাতা হারানোয় ফল আটকে আছে ১০ মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সম্মান শ্রেণির চূড়ান্ত পরীক্ষার খাতা হারানোর কারণে ১০ মাস ধরে ফলাফল আটকে আছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে এবং সিন্ডিকেটে পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু কীভাবে, কয়টি খাতা হারিয়েছে, তা খতিয়ে দেখার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি৷ ঘটনাটি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন ওই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
বিভাগের পরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে, সম্মান শ্রেণির চূড়ান্ত পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২০১৩ সালের ৮ সেপ্টেম্বর। পরীক্ষা শেষে ৫০৩ নম্বর কোর্সের খাতা প্রথম পরীক্ষক মূল্যায়ন শেষে পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে জমা দেন। পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় এই কোর্সের খাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় পরীক্ষকের কাছে পাঠায়। কিছুদিন পর দ্বিতীয় পরীক্ষক খাতা মূল্যায়ন করে নম্বরপত্র বিভাগে পাঠিয়ে দেন। দ্বিতীয় পরীক্ষকের নম্বরপত্র পাওয়ার পর দেখা যায়, একটি খাতায় প্রথম ও দ্বিতীয় পরীক্ষকের নম্বরের ব্যবধান ২০-এর বেশি। পরীক্ষা কমিটির এক সদস্য জানান, নিয়ম অনুযায়ী কোনো পরীক্ষার খাতায় দুই পরীক্ষকের দেওয়া নম্বরের ব্যবধান ২০-এর বেশি হলে তা তৃতীয় পরীক্ষকের কাছে মূল্যায়নের জন্য পাঠানো হয়। পরীক্ষা কমিটি তখন খাতাটি তৃতীয় পরীক্ষকের কাছে পাঠানোর সুপারিশ করে৷ তখন জানা যায়, খাতাটি পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে নেই। খাতাটি না পাওয়ায় পরীক্ষা শেষ হওয়ার পর দীর্ঘদিন পেরিয়ে গেলেও কীভাবে ফল প্রকাশ করা হবে—সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানাতে পারেনি পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়। পরীক্ষা কমিটির সদস্যরা অভিযোগ করেন, এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়কে ব্যবস্থা নিতে বলা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১০ মে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় প্রথম ও দ্বিতীয় পরীক্ষকের নম্বর গড় করে ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর তা ১০ জুন সিন্ডিকেট সভায় অনুমোদিত হয়। কিন্তু কীভাবে খাতা হারিয়েছে এবং কয়টি খাতা হারিয়েছে, তা খতিয়ে দেখার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
বিভাগের পরীক্ষা কমিটির সদস্য মো. আবদুল্লাহ হেল কাফী বলেন, ‘আমি যতদূর জানি দ্বিতীয় পরীক্ষক খাতা পাঠিয়ে দিয়েছেন। কিন্তু তা পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় পায়নি।’ কমিটির সদস্য সাহাব এনাম বলেন, ‘খাতা থাকে পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে। আসলে একটি খাতা না-কি একাধিক খাতা হারিয়েছে, তা-ও সঠিকভাবে আমরা জানি না।’ তবে পরীক্ষা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘একটি সমস্যা হয়েছিল কিন্তু তা সমাধান হয়ে গেছে। খুব দ্রুত ফলাফল প্রকাশ করা হবে।’
যোগাযোগ করা হলে খাতা হারানোর বিষয়টি এড়িয়ে গিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক সিদ্দিকুর রহমান বলেন, দুই পরীক্ষকের নম্বরপত্রই তাঁদের হাতে রয়েছে। কোনো সমস্যা নেই। কিছুদিনের মধ্যেই ফল প্রকাশ করা হবে।