খাতুনগঞ্জে একটি ভবনের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন এক মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের খাতুনগঞ্জের একটি বাণিজ্যিক ভবনে বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। এর প্রতিবাদে গত সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে তাঁরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন। প্রতিবাদ সভায় ব্যবসায়ীরা অভিযোগ করেন, খাতুনগঞ্জের আমির মার্কেট নিউ পার্ক ভবনে প্রায় ৩০ বছর ধরে ব্যবসায়ীরা ব্যবসা-বাণিজ্য করে আসছেন। এ জন্য ভবনের মালিক হাবিবুর রহমানের কাছ থেকে সেলামি মূলে দোকানের ভাড়াটে মালিকানাস্বত্ব নেওয়া হয়। কিন্তু সম্প্রতি নুরুল ইসলাম নামের এক ব্যক্তি ভবনের মালিকানা দাবি করে এক মাস আগে পানি, বিদ্যুৎ ও টেলিফোনের লাইন বিচ্ছিন্ন করে দিয়ে ব্যবসায়ীদের জিম্মি করেছেন। এতে তাঁরা পরিবার-পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং মানবেতর জীবন যাপন করছেন। এ ছাড়া ব্যবসার বাণিজ্যিক কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। সভায় ব্যবসায়ীরা এ সমস্যার সমাধান করার জন্য প্রশাসনের কাছে আবেদন করেছেন। প্রতিবাদ সভায় বক্তব্য দেন আমির মার্কেট নিউ পার্ক ভবন ব্যবসায়ী কল্যাণ সমিতির উপদেষ্টা মোহাম্মদ এয়াকুব চৌধুরী, সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তিলক দে প্রমুখ।