খাতুনগঞ্জে জলাবদ্ধতার ক্ষত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কজুড়ে ত্রিপল বা পাটের বস্তা বিছানো। এর ওপর ছড়িয়ে ছিটিয়ে রাখা মরিচ, হলুদ, ডাল, জিরা, দারুচিনি কিংবা এলাচি। চাক হয়ে যাওয়া ডাল হাত দিয়ে ভেঙে ত্রিপলের ওপর ছেড়ে দিচ্ছেন দোকানের কর্মীরা। একেবারে নষ্ট হয়ে যাওয়া পণ্য ফেলে দেওয়ার জন্যও রাস্তার একপাশে জড়ো করছেন তাঁরা। গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জ ও আছদগঞ্জে গিয়ে দেখা গেল এই দৃশ্য।

গত রোববার থেকে মঙ্গলবার তিন দফায় জোয়ার ও বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ভোগ্যপণ্যের বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জ ও আছদগঞ্জের দোকান ও আড়তে পানি ঢোকে।

বিভিন্ন দোকানের ভোগ্যপণ্য পানিতে ভিজে নষ্ট হয়ে যায়। যেসব পণ্য পুরোপুরি নষ্ট হয়নি, সেগুলো রোদে শুকিয়ে ক্ষতি কমানোর চেষ্টা করছেন ব্যবসায়ীরা।

গতকাল বেলা আড়াইটায় আছদগঞ্জে আল নুর ডাল মিলের সামনে গিয়ে দেখা যায়, সড়কের ওপর পানিতে ভিজে নষ্ট হয়ে যাওয়া বস্তার পর বস্তা ডাল স্তূপ করে রাখা। যেসব বস্তার অর্ধেক পানিতে ভিজে গেছে, সেগুলো থেকে ভালো মানের ডাল আলাদা করে রাস্তায় ত্রিপলের ওপর রেখে শুকানোর চেষ্টা করছেন কর্মীরা।

আল নূর ডাল মিলের ব্যবস্থাপক নাজমুস সাকিব প্রথম আলোকে বলেন, পানিতে ভিজে পুরোপুরি নষ্ট হয়ে যাওয়া ডাল এখন মাছের খাদ্য হিসেবে বিক্রি করছেন। প্রতি বস্তা ডাল যেখানে সাড়ে তিন হাজার টাকায় বিক্রি হতো, এখন সেটি মাছের খাদ্য হিসেবে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।

আল নূর থেকে একটু দূরে খাতুনগঞ্জের মেসার্স চরফ্যাশন বাণিজ্যালয়ের কর্মীদেরও সড়কে পাটের বস্তা বিছিয়ে তার ওপর মরিচ শুকাতে দেখা যায়। রোদে ভালোভাবে শুকানোর জন্য কর্মীরা কিছুক্ষণ পরপর মরিচ নেড়েচেড়ে দিচ্ছেন। দোকানের কর্মীরা প্রথম আলোকে বলেন, জলাবদ্ধতার কারণে গুদাম ও দোকানে থাকা বিপুল পরিমাণ মরিচ, হলুদ, ধনিয়া, খেসারি ডাল ও ফেলন ডাল নষ্ট হয়ে গেছে। তিন দিনে প্রায় চার লাখ টাকার পণ্য নষ্ট হয়েছে। যেসব বস্তা পুরোপুরি ভেজেনি, সেগুলো আলাদা করে শুকাচ্ছেন তাঁরা।

এর আগে জলাবদ্ধতায় পেঁয়াজ, রসুন, আদাসহ কাঁচা পণ্যের ক্ষয়ক্ষতি হলেও এবার কমবেশি সব ধরনের পণ্য ভিজে নষ্ট হয়েছে। এর মধ্যে মসলাজাতীয় পণ্যও রয়েছে। মসলাজাতীয় পণ্যের পাইকারি থেকে আমদানিকারক সব স্তরের ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

খাতুনগঞ্জে মসলাজাতীয় পণ্যের বড় আমদানিকারক প্রতিষ্ঠান অনুকূল ট্রেডার্সের স্বত্বাধিকারী সজীব কুমার সিংহ প্রথম আলোকে বলেন, আছদগঞ্জে তাঁর প্রতিষ্ঠানের গুদামে পানি ঢুকে তিন স্তরে থাকা বিপুল পরিমাণ জিরা, দারুচিনিসহ মসলাজাতীয় পণ্য নষ্ট হয়েছে। ক্ষতির পরিমাণ ৭৫ লাখ টাকার মতো হবে বলে তাঁর আশঙ্কা।

খাতুনগঞ্জের আরেক মসলা ব্যবসায়ী বাশার মোল্লা অ্যান্ড সন্সের কর্ণধার মো. বাশার মোল্লা প্রথম আলোকে বলেন, জলাবদ্ধতার কারণে তাঁর প্রতিষ্ঠানের এলাচি, জিরা ও গোলমরিচের অসংখ্য বস্তা পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। এগুলো ফেলে দিতে হয়েছে। সব মিলে ক্ষতির পরিমাণ ১২ লাখ টাকার কম হবে না।

খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের হিসাবে, টানা তিন দিনের জলাবদ্ধতায় এবারের ক্ষতির মাত্রা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। কমবেশি ৮৫ শতাংশ ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকেছে।

জলাবদ্ধতার কারণে এবার চাক্তাই, খাতুনগঞ্জ, আছদগঞ্জে দেড় হাজারের মতো ব্যবসাপ্রতিষ্ঠানের পণ্য নষ্ট হয়েছে বলে জানান খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। তিনি প্রথম আলোকে বলেন, প্রত্যক্ষ ও পরোক্ষ ক্ষতি হিসাবে নেওয়া হলে এবার প্রায় ৩০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।