দেশের অন্যতম বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ীরা সমাবেশের ডাক দিয়েছেন। আজ রোববার বেলা ১২টায় খাতুনগঞ্জে এই সমাবেশ হবে বলে জানা গেছে। খাতুনগঞ্জ ট্রেড অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, ‘দুইজন ব্যবসায়ীসহ আরও ৩৬ ব্যবসায়ীকে জড়িয়ে আদালতে মিথ্যা অভিযোগ এনে মামলা করেন দুই ব্যবসায়ী। এতে ব্যবসায়ীদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়। কারণ যাঁরা মামলা করেছেন তাঁদের কাছেই খাতুনগঞ্জের ব্যবসায়ীরা ১৪৮ কোটি টাকা পাবেন। পাওনা টাকা না দিয়ে উল্টো ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা করা উচিত হয়নি। তাই আমরা আদালত নয়, মামলার বাদীর বিরুদ্ধে সমাবেশের ডাক দিয়েছি।’প্রসংগত, গত বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমানের আদালতে স্থানীয় ব্যবসায়ী মো. সাইফুল আজম চৌধুরীর পক্ষে তাঁর ভাই হাবিবউল্লাহ চৌধুরী একটি মামলা করেন। গমের ভুয়া ডেলিভারি অর্ডার (ডিও) বিক্রি করে প্রতারণা এবং জোরপূর্বক খালি চেকে সই নেওয়ার অভিযোগে হাবিব এই মামলা করেন। এতে আসামি করা হয় খাতুনগঞ্জের ব্যবসায়ী মীর মোহাম্মদ হোসেন ও মীর মোহাম্মদ হাসানকে। চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান বুধবার হাসান ও হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোতোয়ালি থানার পুলিশকে নির্দেশ দেন। হাকিম এ ঘটনায় দুই আসামির সহযোগী আরও ৩৬ ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে আদেশ দেন। খাতুনগঞ্জের ব্যবসায়ীরা এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন। পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম প্রথম আলোকে বলেন, ব্যবসায়ীদের কর্মসূচি পালনে কোনো বাধা দেওয়া হবে না। তবে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সতর্ক থাকবে।