খাতুনগঞ্জের পাইকারি বাজারে রসুন ৯০ টাকা, খুচরায় ১৬০ টাকা!
চট্টগ্রামের খাতুনগঞ্জের হামিদুল্লাহ মিয়ার বাজারে গতকাল রোববার প্রতি কেজি চীনা রসুনের পাইকারি দর ছিল ৮৫ থেকে ৯০ টাকা। একই রসুন বাজারের সামনে রাস্তার পাশের ফুটপাতে বসা খুচরা বিক্রেতারা ক্রেতাদের কাছে বিক্রি করেছেন প্রতি কেজি ১৬০ টাকায়! নগরের বিভিন্ন পাড়ার মুদিদোকানগুলোতেও একই দরে বিক্রি হয়েছে।
পাইকারি ও খুচরা বাজারে রসুনের দামের বিশাল এই পার্থক্যের কারণ জানতে চাইলে নগরের কর্ণফুলী কমপ্লেক্স বাজারের রাঁধুনী জেনারেল স্টোরের খুচরা বিক্রেতা দীপেন দাশ প্রথম আলোকে বলেন, রোজার সময় তিনি পাঁচ বস্তা চীনা রসুন প্রতি কেজি ১৮০ টাকা দরে কিনেছেন। ১৬০ টাকা দরে বিক্রি করেও তাঁকে লোকসান গুনতে হচ্ছে বলে দাবি করেন তিনি। পাইকারি বাজারে দম কমে যাওয়ার তথ্য তাঁর জানা নেই বলেও দাবি করেন তিনি। তবে ভারত থেকে আমদানি করা রসুন ১২০ টাকায় বিক্রি করছেন তিনি। যদিও খাতুনগঞ্জের পাইকারি বাজারে ভারতীয় রসুন গতকাল বিক্রি হয়েছে প্রতি কেজি ৬০ থেকে ৬৫ টাকা।
খাতুনগঞ্জের পাইকারি বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, রোজার আগে প্রতি কেজি চীনা রসুন সর্বোচ্চ ২২০ টাকা দরে বিক্রি হয়েছিল। তখন রসুনের আমদানিও ছিল কম। খুচরা বাজারে তখন রসুন বিক্রি হয়েছিল প্রতি কেজি ২৫৫ টাকায়। ঈদের চার দিন আগে চীনা রসুনের দাম কমে দাঁড়ায় ১১৭ টাকায়। ঈদের পরে রসুনের দর আরও পড়ে যায়।
খাতুনগঞ্জে রসুন-পেয়াঁজ-আদা ও হলুদের আড়ত সোনালী ট্রেডার্সের কর্ণধার মো. আবছার উদ্দিন প্রথম আলোকে বলেন, নতুন ফসল আসায় চীনে রসুনের দাম কমে গেছে। চীনে এখন টনপ্রতি ৯২০ ডলারে (৭৫ হাজার টাকা) রসুন বেচাকেনা হচ্ছে। এক মাস আগেও এই রসুনের আমদানি মূল্য ছিল টনপ্রতি ২ হাজার ১০০ ডলার।
ব্যবসায়ীরা জানান, কয়েক মাস আগে চীনে রসুনের দাম বাড়ার পর দেশের বাজারেও দাম বাড়তে থাকে। এ সময় রসুনের আমদানিও কমে যায়। ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ১১ মাসে চীন থেকে ৩২ হাজার ৭৪২ টন রসুন আমদানি হয়। সদ্য সমাপ্ত অর্থবছরের (২০১৬-১৭) প্রথম ১১ মাসে আমদানি হয় ২৭ হাজার ৩৮৩ টন রসুন; যা এর আগের বছরের চেয়ে ৫ হাজার ৩৫৯ টন কম।
অবশ্য চীনা রসুন আমদানি কমে যাওয়ার পর ভারত থেকে রসুন আমদানি শুরু করেন ব্যবসায়ীরা। জাতীয় রাজস্ব বোর্ডের হিসাবে, স্থলবন্দর দিয়ে চলতি বছরের প্রথম পাঁচ মাসে ভারত থেকে রসুন আমদানি হয়েছে ১৬ হাজার টন। একই সময়ে চীন থেকে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হয়েছে ৯ হাজার ১৮১ টন রসুন। ভারতীয় রসুনের সরবরাহ বাড়ায় পাইকারি বাজারে রসুনের দর দ্রুত কমেছে বলে পাইকারি ব্যবসায়ীরা জানান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে বছরে কম-বেশি ৫ লাখ টন রসুন উৎপাদিত হয়। দেশে রসুনের চাহিদা সাড়ে ৫ লাখ টন। দীর্ঘ সময় ধরে চীনা রসুনের একচেটিয়া বাজার থাকলেও গত এক বছরে বাজারে ভারতীয় রসুনের অংশীদারি বাড়ছে।
খাতুনগঞ্জের পাইকারি ব্যবসায়ীরা বলেন, চীনা রসুনের কোয়ার আকার বড়। সেই তুলনায় ভারতীয় রসুনের কোয়ার আকার ছোট। ভারত থেকে আমদানি করতে পরিবহন খরচ কম। কিন্তু রসুনের কোয়া ছোট হওয়ায় শহরে এর চাহিদা কম।