খাতুনগঞ্জের ব্যবসায়ী আত্মগোপনে বাজারে দেনা ৭ কোটি টাকা
চট্টগ্রামের পাইকারি বাজার চাক্তাইয়ের একজন ব্যবসায়ী সাত কোটি টাকার পাওনা পরিশোধ না করে আত্মগোপন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পাওনা অর্থ আদায়ে ওই ব্যবসায়ীর সঙ্গে সমঝোতার প্রক্রিয়া শুরু করেছেন পাওনাদারেরা। চাক্তাই ধান-চাল ব্যবসায়ী সমিতির মধ্যস্থতায় এ সমঝোতা চলছে।জানা গেছে, চট্টগ্রামের পাইকারি বাজার চাক্তাই এলাকার আল মুনিরিয়া ব্যবসা প্রতিষ্ঠানের মালিক নূর ফজল গত শনিবার থেকে ব্যবসা প্রতিষ্ঠানে আসছেন না। গত রোববার তাঁর দেওয়া চেক ব্যাংকে প্রত্যাখ্যাত হওয়ার পর পাওনাদার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই দিন দুজন পাওনাদার বাকলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।অন্যতম পাওনাদার আমানত সিদ্দিকী সিন্ডিকেটের মালিক মো. ফরিদ প্রথম আলোকে বলেন, ফজল দুই দিন ধরে আত্মগোপনে আছেন। তাঁর সঙ্গে পাওনাদারদের সমঝোতার চেষ্টা চলছে। আশা করছি, দু-একদিনের মধ্যে সমঝোতা চূড়ান্ত হবে। নূর ফজলের কাছ থেকে ফরিদ প্রায় আড়াই কোটি টাকা পাবেন বলে তিনি দাবি করেন।মধ্যস্থতাকারী চাক্তাই ধান-চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম বলেন, বাজারে ওই ব্যবসায়ীর প্রায় সাত কোটি টাকা দেনা রয়েছে। তবে সমঝোতা করে টাকা উদ্ধার করা যাবে।ব্যবসায়ীরা জানান, কয়েকটি ব্যাংকে নূর ফজলের প্রায় পাঁচ কোটি টাকা জমা আছে। অথচ তিনি পাওনাদারদের পূবালী ব্যাংকের যে চেক দেন, তাতে তাঁর হিসাবে কোনো টাকা নেই। ব্যবসায়ীদের সূত্রে বলা হয়, দেশের অন্যতম বৃহত্ পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জে প্রতিদিন বাকিতে শত শত কোটি টাকার লেনদেন হয়। সম্প্রতি লোকসান দিয়ে কিছু কিছু ব্যবসায়ী পাওনাদারদের টাকা পরিশোধ না করেই আত্মগোপনে চলে যান। পরে তাঁদের সঙ্গে সমঝোতা করে পাওনা টাকার আংশিক আদায় করা হয়। ফলে এখন কেউ আত্মগোপনে গেলে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।