খাতুনগঞ্জের শত শত দোকানে পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনভর মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে জোয়ারের পানিতে তলিয়ে গেছে দেশের বৃহত্তম ভোগ্যপণ্যের পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জসহ চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা। চাক্তাই খাতুনগঞ্জের শত শত দোকানে হাঁটুসমান পানি জমেছে। এতে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি।
লঘুচাপের প্রভাবে গত শনিবার রাত থেকে শুরু হওয়া এই বৃষ্টিপাত গতকাল রোববার সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত অব্যাহত ছিল। শনিবার বেলা তিনটা থেকে গতকাল বেলা তিনটা পর্যন্ত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৯৫ দশমিক ২ মিলিমিটার। লঘুচাপের কারণে সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যাওয়ার পাশাপাশি আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে পতেঙ্গা আবহাওয়া দপ্তর। একই সঙ্গে ভূমি কিংবা পাহাড়ধসের আশঙ্কা করেও সতর্কবার্তা দিয়েছে দপ্তরটি।
সরেজমিনে দেখা গেছে, গতকাল বেলা দেড়টা থেকে চাক্তাই, খাতুনগঞ্জ, আছদগঞ্জ ও কোরবানিগঞ্জ এলাকায় পানি উঠতে শুরু করে। তখন বৃষ্টির পাশাপাশি ছিল ভরা জোয়ার। মুহূর্তের মধ্যে বিভিন্ন দোকান ও আড়তে এক ফুট থেকে দুই ফুট পর্যন্ত পানি ঢুকে যায়।
খাতুনগঞ্জের মসলার আড়ত আল মদিনা এন্টারপ্রাইজ, তেল-চিনির আড়ত টিটু অ্যান্ড টিপু এন্টারপ্রাইজ ও ডালের আড়ত এস এম ট্রেডার্সে হাঁটুসমান পানি দেখা যায়। দোকানিরা মালপত্র বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েন।
চাক্তাইয়ের ব্যবসায়ী নুরুল ইসলাম বলেন, ‘প্রতিবার বর্ষায় ভরা জোয়ারের সময় আমাদের এখানে পানি ওঠে। আমাদের শত শত কোটি টাকার পণ্য নষ্ট হয়। কিন্তু কেউ তা দেখার নেই। আমরা এভাবে বারবার ক্ষতির সম্মুখীন হলে কীভাবে ব্যবসা করব।’
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃষ্টির সঙ্গে জোয়ারের পানি এসে এই দুর্যোগের সৃষ্টি হয়েছে। আগের দিনদুপুরে বৃষ্টি কম থাকায় এত পানি দেখা যায়নি বলে তাঁরা জানান।
খাতুনগঞ্জের ব্যবসায়ী ও চাক্তাই-খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এহসান উল্লাহ জাহিদী বলেন, গতকাল বেলা দেড়টা থেকে পানি আসা শুরু করে। ঘণ্টা দুয়েক পর আবার নেমে যায়। এর মধ্যেই শত শত দোকানে পানি ঢুকে নষ্ট হয় পণ্য। ক্ষতি হয় কোটি কোটি টাকা।
আবহাওয়া দপ্তর সূত্র জানায়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।